বিএনপির আপত্তির কারণেই ইভিএম ব্যবহার হবে না: শাহনেওয়াজ
প্রধান বিরোধী দল বিএনপির আপত্তির কারণেই নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের চিন্তাভাবনা করছে না। আজ বুধবার নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। শাহনেওয়াজ বলেন, বিএনপি শুরু থেকেই ইভিএমের বিরোধিতা করে আসছে। এ নিয়ে নির্বাচন কমিশনের ডাকা সংলাপ তারা বর্জন করেছে। সে কারণে এখনই সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা উচিত হবে না। তা ছাড়া আগের কমিশন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে যে সংলাপ করেছে, সেখানেও জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার না করার পক্ষে বেশি মত এসেছে। তাঁরা স্থানীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের কথা বলেছেন। বর্তমানের ইভিএমকে ত্রুটিযুক্ত বলে মন্তব্য করেন শাহনেওয়াজ। তিনি বলেন, নরসিংদী পৌরসভার নির্বাচনে একটি মেশিনে ত্রুটি দেখা দিয়েছিল। সেই মেশিনের ফল পাওয়া যায়নি। তাই পরীক্ষা-নিরীক্ষা করে সম্পূর্ণ ক্রটিমুক্ত করার পরই জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে। তিনি জানান, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আংশিকভাবে ইভিএম ব্যবহার করা হবে। এ জন্য বুয়েটের সঙ্গে পরামর্শ করা হয়েছে।