বিএনপির আমলে ক্ষতিগ্রস্ত সেনাসদস্যদের স্বাভাবিক অবসরের সুপারিশ
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে বঞ্চিত ও ক্ষতিগ্রস্ত ৩৬ জন সেনা কর্মকর্তাকে পদোন্নতি প্রদানপূর্বক অকালীন অবসর, বাধ্যতামূলক অবসর ও বরখাস্তের পরিবর্তে স্বাভাবিক অবসর দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।বিভিন্ন সময়ে কমিটির কাছে আসা সেনাসদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।আজ বৃহস্পতিবার সংসদ ভবনে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এম ইদ্রিস আলী। কমিটির সদস্য এইচ এম এরশাদ, মুজিবুল হক, নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মঞ্জুর কাদের কোরাইশী সভায় অংশ নেন। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এম এ মান্নান সভায় যোগ দেন।বৈঠক শেষে কমিটির সদস্য এইচ এম এরশাদ প্রথম আলোকে বলেন, রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত সেনা কর্মকর্তাদের মূলত সম্মান ফিরিয়ে দেওয়ার সুপারিশ করেছে কমিটি।সভায় কমিটির বিগত বৈঠকগুলোয় নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। সভায় জানানো হয়, খসড়া জাতীয় প্রতিরক্ষা নীতি চূড়ান্ত করতে একটি আন্তমন্ত্রণালয় কমিটির গঠন করা হয়েছে এবং এ লক্ষ্যে কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রতিরক্ষা খাতে আমদানি-নির্ভরতা কমানোর জন্য বাংলাদেশ অরডিন্যান্স ফ্যাক্টরিতে দেশীয় প্রযুক্তিতে সমরাস্ত্র তৈরির সক্ষমতা বাড়ানোরও পদক্ষেপ নেওয়া হয়েছে।সভায় জানানো হয়, নৌবাহিনীর জন্য একটি হাইড্রোগ্রাফিক সার্ভে শিপ ক্রয় করা হয়েছে ও বাংলাদেশ নৌজাহাজ ‘অনুসন্ধান’ নামে নৌবাহিনীতে কমিশনিং করা হয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার নিশ্চিতকল্পে আবহাওয়া অধিদপ্তরের ৩৫টি পর্যবেক্ষণাগারকে আধুনিকায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে।সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জহিরউদ্দিন আহমেদ, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল শাহ মো. জিয়াউর রহমান, লে. জেনারেল আবদুল ওয়াদুদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।