বিএনপির আমলে তিনবার সংবিধান পুনর্মুদ্রিত হয়েছে: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আদালতের রায়ের আলোকে বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় তিনবার সংবিধান পুনর্মুদ্রিত হয়েছে। এখন তারা বলছে, সংসদকে বাদ দিয়ে আদালতের রায়ের আলোকে সংবিধান পুনর্মুদ্রণ সম্ভব নয়। এটা তাদের মুখে মানায় না। আজ বুধবার সংসদে সংবাদ ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, অষ্টম সংশোধনীতে সংবিধানের ১০০ অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে (১৯৮৮ সালের ৩০ নম্বর আইন) বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ করা হয়েছিল। ওই বছরই হাইকোর্টের রায়ের মাধ্যমে এই ধারাটি সংবিধানে প্রতিস্থাপিত হয়। এরপর ১৯৯১ সালের ১০ অক্টোবর বিএনপি সরকারের আমলে প্রথম পুনর্মুদ্রণের মাধ্যমে ১০০ ধারাটি ছাপানো সংবিধানে স্থান পায়। তখন আইনসচিব ছিলেন সিরাজুল ইসলাম। এরপর তাদের আমলেই ১৯৯৪ ও ১৯৯৬ সালে সংবিধান পুনর্মুদ্রণ করা হয়। সুরঞ্জিত আরও বলেন, সুবিধাবাদী রাজনীতিতে কিছু বিভ্রান্তি থাকে। সেই জন্যই তারা এখন অন্যভাবে কথা বলছে। সংবিধান পুনর্মুদ্রণ হবে কিনা সেই বিষয়ে সুরঞ্জিত বলেন, পঞ্চম সংশোধনীসংক্রান্ত মামলার রায়ের কপিতে বিচারপতিরা যেদিন স্বাক্ষর করেছেন, সেদিন থেকে তা আইনে পরিণত হয়েছে। প্রশ্ন হলো, এটা বইয়ে আসবে কীভাবে। পুনর্মুদ্রণ হবে কিনা সে বিষয়ে ১২ অক্টোবর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হবে।প্রসঙ্গত, ২১ জুলাই সংবিধান সংশোধনের জন্য সাজেদা চৌধুরীকে চেয়ারপারসন ও সুরঞ্জিত সেনগুপ্তকে কো-চেয়ারপারসন করে ১৫ সদস্যের কমিটির গঠিত হয়। এরপর ২৯ জুলাই কমিটি অনানুষ্ঠানিক বৈঠক করে। প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় ৮ আগস্ট। ১২ অক্টোবর কমিটির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।