বিএনপির আশঙ্কা, চৌধুরী আলমকে গুপ্তহত্যা করা হতে পারে
বিএনপির অভিযোগ, ঢাকা সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ডের কমিশনার ও বিএনপির নেতা চৌধুরী আলমের নিখোঁজ হওয়া নিয়ে এবং তাঁকে উদ্ধারের ব্যাপারে সরকার রহস্যজনক আচরণ করছে। তাঁকে গুপ্তহত্যা করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে দলটি।আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নেতারা এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বিএনপির মহাসচিব বলেন, সাধারণ কোনো নাগরিক যদি নিখোঁজ হয়, তাহলে তাঁকে খুঁজে বের করার দায়িত্ব সরকার ও পুলিশের। কিন্তু জলজ্যান্ত একজন মানুষ ও নির্বাচিত ওয়ার্ড কমিশনার আজ পাঁচদিন ধরে নিখোঁজ, সে বিষয়ে সরকার উদাসীন ও নির্লিপ্ত। তাদের এ ধরনের আচরণ রহস্যজনক। তিনি অবিলম্বে চৌধুরী আলমকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে গতকাল মঙ্গলবার বিএনপির একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে দেখা না করে প্রমাণ করেছেন, চৌধুরী আলমের নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি অবগত।প্রসঙ্গত, চৌধুরী আলম ২৫ জুন রাত থেকে নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে তুলে নিয়ে যাওয়ার কথা অস্বীকার করেছে।