বিএনপির আয় আড়াই কোটি, খাত চাঁদা-অনুদান
২০১০-২০১১ অর্থবছরের আয়কর রিটার্ন দাখিল করেছে প্রধান বিরোধী দল বিএনপি। এতে দলটির এক বছরের আয় ও ব্যয়ের হিসাব বিবরণী তুলে ধরা হয়েছে।আজ রোববার দুপুরে মগবাজারে কর অঞ্চল-১৫-এর কার্যালয়ে বিএনপি গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়। দলের চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান আয়-ব্যয়ের হিসাব জমা দেন।আয়কর রিটার্নে বিএনপি গত বছরে প্রায় দুই কোটি ৪৯ লাখ টাকা আয় করেছে বলে দেখানো হয়। এ সময়ে দলটি ব্যয় করেছে প্রায় এক কোটি ১০ লাখ টাকা। নিট উদ্বৃত্ত দেখানো হয়েছে প্রায় এক কোটি ৩৯ লাখ টাকা।২০০৯-১০ অর্থবছরে বিএনপি আয়-ব্যয়ের হিসেবে মোট উদ্বৃত্ত দেখানো হয় প্রায় সাত কোটি টাকা।বিএনপির ২০০৮ সালে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়। এর পরের বছর থেকে দলটি নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব দেওয়া শুরু করে। পাশাপাশি দলটি আয়কর রিটার্নও জমা দেয়। বিএনপি বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে টিন নম্বর (কর শনাক্তকরণ নম্বর) নিয়েছে।আয়কর রিটার্নে দলটি আয়ের খাত হিসেবে সদস্যদের মাসিক ও বার্ষিক চাঁদা এবং অনুদানকে দেখানো হয়েছে। আর ব্যয়ের খাত হিসেবে দলটির নয়াপল্টন ও গুলশান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, মনিহারী পণ্যক্রয়, মিলাদ-মাহফিলের ব্যয় দেখিয়েছে।রিটার্ন জমা দেওয়ার পর আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। তাই আয়-ব্যয়ের হিসাব দেওয়া উচিত বলে দলটি মনে করে।