বিএনপির ইভিএমের সঙ্গে ইসির ইভিএমের মিল নেই: সাখাওয়াত
ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) বিরোধিতা করে আয়োজিত বিএনপির সংবাদ সম্মেলনের তীব্র সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বিএনপি যে ইলেকট্রনিক ভোটিং মেশিন প্রদর্শন করেছে, তার সঙ্গে নির্বাচন কমিশনের ইভিএমের কোনো মিল নেই। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে নির্বাচন কমিশনের প্রস্তাবিত ইলেকট্রনিক ভোটিং পদ্ধতির বিরোধিতা করেন।সাখাওয়াত হোসেন বলেন, সংবাদ সম্মেলনে বিএনপি যে ইভিএম দেখিয়েছে, তার থেকে নির্বাচন কমিশনের ইভিএম সম্পূর্ণ আলাদা। আন্তসংযোগ না থাকায় এ পদ্ধতিতে হ্যাকিং বা কারচুপি করার কোনো সুযোগ নেই। বিএনপি না দেখেই ইভিএম পদ্ধতির বিরোধিতা করছে। সাখাওয়াত হোসেন আজ বুধবার নির্বাচন কমিশনে বিএনপির সমালোচনার প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।সাখাওয়াত আরও বলেন, নির্বাচনে কারচুপি করতে হলে সব মেশিনের সফটওয়্যার পরিবর্তন করতে হবে। জাতীয় নির্বাচনে তিন লাখ মেশিনে রাতারাতি সফটওয়্যার পরিবর্তন করা সম্ভব নয়। তা ছাড়া ইভিএম পদ্ধতিতে সফটওয়্যার স্থাপনের সময় সব রাজনৈতিক দলের বিশেষজ্ঞদের একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবে। সাখাওয়াত হোসেন মন্তব্য করেন, ‘বিএনপির মতো একটি বড় দলের অভিযোগ করার আগে জিনিসটি আসলে কী, তা দেখার প্রয়োজন ছিল।’দেশে এই মুহূর্তে বিভীষিকাময় রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করছে মন্তব্য করে সাখাওয়াত হোসেন বলেন, ‘একদল “হ্যাঁ” বললে অন্যদলের তাতে “না” বলার সংস্কৃতির এখনো পরিবর্তন হয়নি।’আগামী সংসদ নির্বাচনে ইভিএমের বিরোধিতা সম্পর্কে সাখাওয়াত হোসেন বলেন, ‘আগামী নির্বাচনে ইভিএমের ব্যবহার হবে কি না, তা পরবর্তী নির্বাচন কমিশনই ঠিক করবে। তবে আমরা প্রস্তুতি রেখে যাচ্ছি।’গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে সাখাওয়াত হোসেন বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে গণমাধ্যম যাতে কোনো প্রার্থীকে সমর্থন বা উদ্দেশ্যমূলকভাবে হেয় না করে, সেই জন্য গণমাধ্যমের সম্পাদকদের শিগগিরই চিঠি পাঠাবে কমিশন। গণমাধ্যম সব সময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহযোগিতা করেছে উল্লেখ করে তিনি বলেন, এ নির্বাচনেও গণমাধ্যম প্রার্থীদের সত্য তথ্য জনগণের কাছে তুলে ধরবে।