‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস-পানি-বিদ্যুৎ নিয়ে হাহাকার এবং সন্ত্রাস-চাঁদাবাজি-টেন্ডারবাজিতে জনজীবন অতিষ্ঠ। যুদ্ধাপরাধের বিচারের নামে প্রহসন চলছে। দেশনেত্রী খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হচ্ছে, চলছে জিয়া পরিবারকে ধ্বংসের ষড়যন্ত্র। সরকারের এসব অনাচারের প্রতিবাদ জানানোর বিরাট সুযোগ ব্রাহ্মণবাড়িয়ার উপনির্বাচন।’নির্বাচনী প্রচারে এসব কথা বলেই ধানের শীষের পক্ষে ভোট চাইছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের চারদলীয় জোটের প্রার্থী খালেদ হোসেন মাহাবুব শ্যামল। বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও নির্বাচনী প্রচার-সমাবেশে সরকারের ব্যর্থতার নজির হিসেবে চালের মূল্য বৃদ্ধিসহ এসব নাগরিক সমস্যাকেই ভোটারদের কাছে তুলে ধরছেন।অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী দিচ্ছেন এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি। তিনি নির্বাচনী প্রচারে বলছেন, ‘বিরোধী দলের সদস্যরা সংসদে যান না। ঘরে বসে তাঁরা বেতন-ভাতা নেন। আমি বিজয়ী হলে জাতীয় সংসদে মানুষের সমস্যা-সংকটের কথা তুলে ধরব। সরকারের বিভিন্ন দপ্তরে যাব, সমাধান খুঁজে বের করব। রাস্তাঘাট-সেতু-কালভার্ট করব।’ তিনি ‘এলাকার উন্নয়নের স্বার্থে’ ভোট চাইছেন।২৭ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচন। ব্রাহ্মণবাড়িয়া শহরের সব গলি-উপগলিতে এখন ধানের শীষ ও নৌকা প্রতীকের পোস্টার। প্রচার-গণসংযোগে সরব পুরো এলাকা।প্রতিদিনই চলছে পথসভা-জনসভা। তাতে বিএনপির নেতাদের অভিযোগ, দুই বছরে এই সরকার সবদিকেই ব্যর্থ। আর আওয়ামী লীগের নেতাদের দাবি, বিএনপির প্রার্থী নির্বাচিত হলে সংসদে যাবেন না এবং এলাকার কোনো উন্নয়ন হবে না।চারদলীয় জোটের প্রার্থী খালেদ হোসেন মাহাবুব প্রথম আলোর কাছে দাবি করেন, আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির দুঃশাসনে সারা দেশের মানুষ অতিষ্ঠ। চালের দাম আজ সাধারণ মানুষের নাগালের বাইরে। মানুষ ভালো নেই। তাই উপনির্বাচনে মানুষ ধানের শীষেই ভোট দেবে।মহাজোটের প্রার্থী উবায়দুল মোকতাদির চৌধুরীও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি প্রথম আলোকে বলেন, ‘এলাকার উন্নয়নের জন্য লোকজন এবারও নৌকায় ভোট দেবে। আর আমি দীর্ঘদিন ধরে উন্নয়নকাজের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে আরও বেশি করে এলাকার উন্নয়ন করতে পারব।’স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো জানায়, আওয়ামী লীগ এই আসনে ১৯৭৩ সালের পর গত সংসদ নির্বাচনে আবার জিতেছে। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে চারদলীয় জোটের প্রার্থী বিএনপির হারুন অর রশিদকে ৭০ হাজার ভোটে পরাজিত করে সাংসদ নির্বাচিত হন আওয়ামী লীগের লুৎফুল হাই সাচ্চু। তাঁর মৃত্যুতে আসনটি শূন্য হয়। সরকারের মধ্যবর্তী সময়ে এই উপনির্বাচন প্রধান দুই দলের কাছেই মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। তাই দুই দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা এলাকা চষে বেড়াচ্ছেন ভোটারদের মন জয় করতে।আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে রোববার এখানে জনসভা করে গেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। গতকাল সোমবার বিকেলে সুলতানপুর ইউনিয়নের লায়ন ফিরোজুর রহমান একাডেমির মাঠে জনসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর আরেক সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, চারদলীয় জোটের দুঃশাসন এ দেশের মানুষ দেখেছে। মানুষ সেগুলো ভোলেনি। এলাকার উন্নয়নে তাই আওয়ামী লীগের বিকল্প নেই। মহাজোটের প্রার্থী মোকতাদির চৌধুরী একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। এলাকার উন্নয়নের স্বার্থে তাঁকে বিজয়ী করতে ভোটারদের প্রতি তিনি আহ্বান জানান।জনসভায় কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, জাসদের যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান, জাতীয় পার্টির সহসভাপতি জিয়াউল হক মৃধা, ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।একইভাবে চারদলীয় জোটের প্রার্থীর পক্ষেও বিএনপির কেন্দ্রীয় নেতারা মাঠে নেমেছেন। তাঁর পক্ষে গতকাল বিকেলে সদর উপজেলার আমতলী বাজারে জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। দলের যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান এবং যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকেরাসহ স্থানীয় নেতারাও ছিলেন। তাঁরা বর্তমান সরকারের দুঃশাসনের জবাব দিতে এই আসনে ধানের শীষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান।আওয়ামী লীগ ও বিএনপির বাইরে এই আসনে আরও দুজন প্রার্থী আছেন। তাঁরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়াজুল করিম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের ইউনুছ মিয়া। এ ছাড়া জাতীয় পার্টি থেকে রেজাউল ইসলাম ভূঁইয়া প্রার্থী হয়েছিলেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার না করলেও পরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেন।ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার সাতটি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ নির্বাচনী এলাকা। ভোটার তিন লাখ ১০ হাজার ২৩৮ জন।বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল জেলা বিএনপি তাদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উপনির্বাচনে সেনা মোতায়েনসহ নয় দফা দাবি জানিয়েছে। সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি হারুন আল রশিদ অভিযোগ করেন, ‘নির্বাচনে বিএনপির নিশ্চিত জয় বুঝতে পেরে প্রশাসনের সহায়তায় কারচুপি করার চেষ্টা করছে আওয়ামী লীগ।’ তিনি জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করার দাবি জানান।