হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের উপনির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত সোমবার ভোটারদের উদ্দেশে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠি ছাপিয়ে ভোটারদের কাছে বিতরণ করছেন বিএনপির সমর্থকেরা। চিঠিতে খালেদা জিয়া দলের প্রার্থী সুজাত মিয়ার পক্ষে ভোট চেয়ে বলেছেন, গত দুই বছরে তারা (আওয়ামী লীগ সরকার) কোনো কথা রাখেনি। জিনিসপত্রের দামে আগুন। নতুন চাকরি দেওয়া তো দূরের কথা, অনেকের চাকরি যাচ্ছে। মানুষের আয়-রোজগার কমে যাচ্ছে।এর জবাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা কমিটি তাদের প্রার্থী মুশফিক হুসেন চৌধুরীর পক্ষে লিফলেট ছেড়েছে। এতে বলা হয়েছে, ‘দেশ আবারও ঘুরে দাঁড়িয়েছে। ফলন হয়েছে বাম্পার। কৃষকেরা পাচ্ছেন ধানসহ উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য। সার নিয়ে কৃষকদের আর গুলি খেতে হয় না। পাট আবার সোনালি আঁশ হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। শিক্ষানীতি প্রণয়নসহ কতক ব্যবস্থা গ্রহণের ফলে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন সাধিত হয়েছে। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়া কমিউনিটি ক্লিনিকগুলো আবার চালু করছে।গত তিনটি সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনে সহজেই জিতেছে আওয়ামী লীগ। সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ৭২ হাজারের বেশি ভোটের ব্যবধানে জিতেছে। আওয়ামী লীগ এবারও আসনটি ধরে রাখার আশা জানালেও নানা কারণে উপনির্বাচনে আওয়ামী লীগের বিজয় অত সহজ না-ও হতে পারে বলে মনে করছেন প্রতিদ্বন্দ্বীরা।কাল বৃহস্পতিবার উপনির্বাচন হবে। নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মুশফিক হুসেন চৌধুরী। তিনি এবার প্রথমবারের মতো নির্বাচন করছেন। বিএনপির মনোনয়ন পেয়েছেন শেখ সুজাত মিয়া। তিনি পরপর চারবার এখানে নির্বাচন করছেন। আরও আছেন মহাজোটের শরিক জাতীয় পার্টির এম এ মুনিম চৌধুরী।মহাজোটের দুই প্রার্থীর নির্বাচন করাকে বিএনপি সুযোগ হিসেবে দেখছে। মহাজোটের ভোট ভাগাভাগির সুযোগে তারা জিততে চায়। অবশ্য আওয়ামী লীগ দাবি করছে, জাতীয় পার্টির প্রার্থী না থাকলে তাদের ভোট ভাগাভাগি হয়ে বিএনপির পক্ষেই বেশি যেত। তাই জাপার প্রার্থী থাকায় তাদের লাভই হয়েছে।নির্বাচনে খেলাফত মজলিসের মাওলানা আবদুল কাইয়ুম ও কৃষক শ্রমিক জনতা লীগের মনমোহন দেবনাথ প্রার্থী থাকলেও তাঁরা তেমন আলোচনায় নেই।বিএনপির ইস্যু দ্রব্যমূল্য, শেয়ারবাজারের পতন: বিএনপির সাংসদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁরা নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি বলছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কথা। দুই বছরে আওয়ামী লীগ দ্রব্যমূল্য কমাতে পারেনি, আর তিন বছরেও পারবে না। এখন জনগণ যেন সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে তাঁদের অনাস্থার কথা জানান, সেই অনুরোধই করছেন তাঁরা।শেয়ারবাজারে সাম্প্রতিক দরপতনের কথাও বলছে বিএনপি। এই দরপতনে সরকারের দায় রয়েছে। এর মাধ্যমে সরকার বিনিয়োগকারীদের যে ক্ষতি করেছে, তার বিরুদ্ধেও রায় দেওয়ার আহ্বান জানাচ্ছে দলটি।জাতীয় পার্টির নেতা শংকর পাল বলছেন, তাঁরা দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়টি সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করছেন।তবে নবীগঞ্জ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবু সিদ্দিক বলেন, ‘জনগণ দ্রব্যমূল্যের বিষয়টি নিয়ে চিন্তিত, সত্য। তবে আমরা যখন আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার বিষয়টি বলি, তখন তারা সব বোঝে। তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নবীগঞ্জে গ্যাসের সংযোগ দেওয়া হচ্ছে। এত দিন হবিগঞ্জের গ্যাস এই মাটির ওপর দিয়ে যেত, কিন্তু এলাকার মানুষের এর ওপর কোনো অধিকার ছিল না। কৃষি ও শিক্ষা খাতে সরকারের উন্নতির কথাও বলছি আমরা।’পাঠক যখন এই প্রতিবেদন পড়ছেন, ততক্ষণে এই এলাকায় নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গেছে। এখানকার প্রচারে আওয়ামী লীগ-বিএনপির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি জনপ্রিয় শিল্পীরাও অংশ নিয়েছেন।আওয়ামী লীগের হয়ে গান গেয়ে ভোট চাইছেন জনপ্রিয় শিল্পী সাংসদ মমতাজ। বিএনপির হয়ে এই কাজ করছেন গায়ক আসিফ ও মনির খান। সব মিলিয়ে নির্বাচনী এলাকায় ভোটের উৎসব অনেকটাই জমে উঠেছে।তিন দলের অনেক শীর্ষনেতা এখন হবিগঞ্জে: আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষস্থানীয় নেতারা এখন নবীগঞ্জ-বাহুবলে অবস্থান করছেন। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, মোহাম্মদ নাসিম, সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ, খালেদ মাহমুদ চৌধুরী, সাচিপের মহাসচিব ডা. ইকবাল আর্সলান, যুবনেতা বলরাম পোদ্দার, সাংসদ সারাহ্ বেগম কবরী, তারানা হালিম, মমতাজসহ অনেক নেতা দিনরাত মুশফিক হুসেনের পক্ষে ভোট চাইছেন। আওয়ামী লীগ গতকাল নবীগঞ্জ জে কে স্কুল মাঠে নির্বাচনী জনসভা করে। এতে হাজার হাজার লোক উপস্থিত হয়।অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, হান্নান শাহ, সাংসদ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, আবুল খায়ের ভূঁইয়া, শহীদ উদ্দীন চৌধুরীসহ অন্য নেতারা ভোট চাইছেন শেখ সুজাত মিয়ার পক্ষে। বিএনপি গতকাল নতুনবাজারে তাদের বড় নির্বাচনী জনসভা করে। এতেও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত হয়।জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ নির্বাচন উপলক্ষে গতকাল নিয়ে দুবার হবিগঞ্জ এসেছেন এম এ মুনিম চৌধুরীর পক্ষে। আরও আছেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আতিকুর রহমান, যুগ্ম মহাসচিব সেলিম উদ্দিন, সাংসদ নবাব আলী আব্বাসসহ অনেকে। এইচ এম এরশাদ গতকাল বাহুবল ও নবীগঞ্জের বিভিন্ন এলাকায় পথসভা করেন।মহাজোটের দুই প্রার্থী বিএনপির জন্য আশা: ১৯৯১ সালের নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে জয়লাভ করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী। পরের দুটি নির্বাচনে জাতীয় পার্টি তৃতীয় হলেও প্রতিবারই উল্লেখযোগ্যসংখ্যক ভোট পেয়েছিল।বিএনপির সাংসদ নজরুল ইসলাম বলেন, ‘মহাজোটের দুই শরিকের আলাদা প্রার্থী থাকায় আমাদের জন্য সুবিধা হয়েছে। এখানে জাতীয় পার্টির অনেক ভোট আছে। তা ছাড়া, এখানে আওয়ামী লীগের কোন্দল আছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া ও দেওয়ান ফরিদ গাজীর ছেলে দেওয়ান শাহনেওয়াজ গাজী এই আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাঁরা মনোনয়ন না পাওয়ায় তাঁর অনুসারীরা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন না।’আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত অবশ্য প্রথম আলোকে বলেন, ‘জাতীয় পার্টির প্রার্থী আমাদের (মহাজোট) থেকে যে ভোট কাটবেন, তাদের (বিএনপি) থেকে আরও বেশি ভোট কাটবেন। তা ছাড়া মহাজোটের মধ্যে যে নমনীয়তা আছে, তাও আমরা দেখাতে চাই।’ আওয়ামী লীগের ভেতর কোন্দলের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপির কাছে আমাদের কোন্দলের খবর আছে। তাদের নিজেদের কোন্দলের খবর নেই। আওয়ামী লীগ থেকে তাঁরা (রেজা কিবরিয়া ও শাহনেওয়াজ গাজী) মনোনয়ন চেয়েছিলেন। নেত্রী (শেখ হাসিনা) তাঁদের ডেকে কথা বলেছেন। এখন আওয়ামী লীগের সবাই এককাট্টা হয়ে কাজ করছেন।’মহাজোট থেকেও আলাদা নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে হবিগঞ্জ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শংকর পাল প্রথম আলোকে বলেন, ‘আমরা আওয়ামী লীগের কাছে ব্রাহ্মণবাড়িয়া বা হবিগঞ্জ, যেকোনো একটি আসন চেয়েছিলাম। কিন্তু তারা ছাড়তে রাজি না হওয়ায় আমরা এখানে আলাদা নির্বাচন করছি। এখানে আমাদের অনেক ভোট আছে। আমরা আমাদের শক্তি দেখাতে চাই।’