বিএনপির এই বিবৃতি সরকারের কাম্য নয়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, জামায়াতের নেতাদের গ্রেপ্তার হওয়াকে কেন্দ্র করে বিএনপি যে বিবৃতি দিয়েছে, তা সরকারের কাম্য ছিল না। তিনি বলেন, সরকার জানত যে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষে। কিন্তু তারা যে যুদ্ধাপরাধীদের বিচার চায় না, তা সরকার নিশ্চিত ছিল না। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির এক সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, জামায়াত বা অন্য কারও হুমকি-ধমকিতে সরকার ভয় পায় না এবং তারা কোনোভাবেই যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। যারা এই অপরাধ করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে।সরকার নাশকতার আশঙ্কা করছে কি না, বৈঠক শেষে সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পুলিশের আইজিপি নূর মোহাম্মদ বলেন, সরকার কোনো নাশকতার আশঙ্কা করছে না। তাছাড়া সরকার সব ধরনের নাশকতা মোকাবিলায় প্রস্তুতি রয়েছে।গত মঙ্গলবার জামায়াতের শীর্ষ নেতাদের গ্রেপ্তারের পর রাতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক বিবৃতিতে বলেন, ক্ষমতাসীন দল ক্ষমতাকে চিরস্থায়ী করতে বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করার জন্য দমন-পীড়ন চালাচ্ছে। তিনি জামায়াতের তিন নেতাকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে তাঁদের মুক্তি দাবি করেন।