বিএনপির ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের (লালমোহন ও তজুমদ্দিন) উপনির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে পথসভা করার পর অন্তত তিনটি এলাকায় দলের কর্মীদের ওপর হামলার প্রমাণ পাওয়া গেছে।অবশ্য বিএনপি অভিযোগ করেছে, এ রকম ঘটনার সংখ্যা আরও বেশি। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের প্রার্থী।এদিকে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজিম উদ্দিনের বিরুদ্ধে লালমোহন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।গতকাল মঙ্গলবার সকালে লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের তোফায়েলিয়া মাদ্রাসা এলাকায় প্রচারের জন্য যাওয়ার পর নাজিমউদ্দিন নামের বিএনপির এক কর্মীকে পিটিয়েছেন আওয়ামী লীগের কর্মী বিল্লাল হোসেন। প্রত্যক্ষদর্শী স্থানীয় লোকজন প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন।অবশ্য মুঠোফোনে যোগাযোগ করা হলে বিল্লাল হোসেন হামলার কথা অস্বীকার করেন। ফোনে কথোপকথন চলাকালেই তিনি তাঁর পাশে কাউকে বলছিলেন, ‘সাংবাদিকে ফোন করছে। কইতাম ঘটনা?’আগের দিন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ইয়াসিনগঞ্জ বাজারে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদের কর্মীদের ওপর হামলা হয়। শম্ভুপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূরুল আমিন প্রথম আলোকে বলেন, গত সোমবার দুপুর ১২টার দিকে নাজিমউদ্দিন আলম বাজারে পথসভার পর তাঁকে এবং স্কুলশিক্ষক জসিমউদ্দিন ও মিলন ফরাজীসহ উপস্থিত কয়েকজনকে লালমোহন থেকে আসা ২০-২৫ জন আওয়ামী লীগের কর্মী ধাওয়া করেন। তিনি দৌড়ে গিয়ে নিজ বাড়িতে ওঠেন। সেখান থেকে হামলাকারীরা তাঁকে ধরে এনে পেটায়।নূরুল আমিনের বাবা আবুল বাসার জানান, থানায় অভিযোগ করার পর বিকেলে পুলিশ ও রাতে র‌্যাব এসেছিল। র‌্যাব কয়েকজন হামলাকারীকে শনাক্ত করেছে।জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. এরফান বলেন, ‘পুলিশ পাঠিয়েছিলাম। পরিদর্শন করে এসেছে। চড়-থাপ্পরের ঘটনা ঘটেছিল।’শম্ভুপুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি আমির ফরাজী দাবি করেন, ওই সভায় বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজিম উসকানিমূলক বক্তব্যের পর কে বা কারা হামলা করেছে। এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই।একই দিন লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের বালুরচরের দালালবাজারে আওয়ামী লীগের কর্মীদের হামলায় আহত হন বিএনপির কর্মী মিজান ও তাঁর চাচা নূরুল ইসলাম।নূরুল ইসলাম তাঁর হাত ও পিঠে জখমের চিহ্ন দেখিয়ে অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রার্থীর কর্মী বালুরচরের বাবুল, কোরালমারার আলম ও বদরপুরের বাবুল মিলে তাঁকে ও তাঁর ভাতিজাকে মেরেছেন।স্থানীয় বিএনপির নেতাদের অভিযোগ, কেবল তিনটি ঘটনা নয়, আওয়ামী লীগ অনেক জায়গায় বিএনপির প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলা চালিয়েছে।তবে আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী দাবি করেন, তাঁর কর্মীরা কোথাও বিএনপির ওপর হামলা করেনি। তিনি তাঁর কর্মীদের বলেছেন, শত উসকানির মুখেও যেন তারা ধৈর্য ধারণ করে।নাজিমউদ্দিনের বিরুদ্ধে জিডি: বিএনপির প্রার্থীর প্রধান নির্বাচন সমন্বয়কারী নাজিম উদ্দিন বিভিন্ন পথসভায় কর্মীদের লাঠি তৈরি করে আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ অভিযোগে লালমোহন থানায় জিডি করেছেন আওয়ামী লীগের কর্মী বাবুল। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জিডির কথা নিশ্চিত করেছেন।লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সালাউদ্দিন চিশতি বলেন, ‘আমাদের এলাকায় কোনো ঝামেলা ছিল না। চেষ্টা করছি যাতে কোনো গ্যাঞ্জাম না হয়। কিন্তু তাঁর (নাজিমউদ্দিন) বক্তব্যে ঝামেলা তৈরি হয়েছে।’নাজিমউদ্দিন আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের কাছে তথ্য আছে, বহিরাগত সন্ত্রাসী ও অস্ত্রধারী এসেছে। আমি বলেছি, যদি বহিরাগত মাস্তানরা অপমান করতে আসে, ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়, তাহলে ভোলায় অনেক বাঁশঝাড় আছে, গাবগাছ আছে, লাঠি বানিয়ে আপনারা প্রস্তুত থাকবেন।’ তিনি বলেন, ‘আমাদের ভোলাবাসীকে তারা লাঞ্ছিত করবে, আর আমি তাদের প্রতিহত করতে পারব না?’ আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরী অভিযোগ করেন, নাজিমউদ্দিন পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। তিনি পায়ে পা দিয়ে ঝগড়া করতে চান।ডিআইজির পরিদর্শন: আইনশৃঙ্খলা পরিস্থিতি দেখতে পুলিশের বরিশাল অঞ্চলের উপমহাপরিদর্শক (ডিআইজি) বিনয় কৃষ্ণ বালা গতকাল তজুমদ্দিন ও লালমোহন উপজেলা পরিদর্শন করেন। তিনি কয়েকটি ভোটকেন্দ্র ও বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ ও আওয়ামী লীগের প্রার্থী নূরনবী চৌধুরীর সঙ্গেও কথা বলেন।