রাজধানীর পল্লবী এলাকায় বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। একপর্যায়ে বিএনপির নেতা-কর্মীদের পল্লবী বিএনপির কার্যালয়ে অবরুদ্ধ করে ফেলেন আওয়ামী লীগের কর্মীরা। দুই ঘণ্টারও বেশি সময় অবরুদ্ধ থাকার পর সেখান থেকে ঢাকা সিটি করপোরেশনের দুজন ওয়ার্ড কাউন্সিলরসহ বিএনপির ৭৮ জন কর্মীকে আটক করে পুলিশ।গ্যাস, বিদ্যুৎ ও পানির দাবিতে গতকাল শুক্রবার রাজধানীর পল্লবী এলাকার চলন্তিকা মোড়ে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে দুই দলের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে বিএনপির কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় আওয়ামী লীগ সমর্থকদের পিটুনি ও ইটের টুকরোর আঘাতে বিএনপির গুরুতর আহত তিনজন কর্মীকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে পাঠায়। ইটের টুকরোর আঘাতে উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন।এর আগে গত বৃহস্পতিবার পোস্তগোলা এবং বুধবার তেজগাঁওয়ে একই দাবিতে বিএনপির আয়োজিত সমাবেশে হামলা চালিয়ে তা পণ্ড করে দেন আওয়ামী লীগের কর্মীরা।গতকাল বেলা তিনটার সময় চলন্তিকা মোড়ে বিএনপির কার্যালয়ে সমাবেশ ডেকেছিল বিএনপি। কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু সংঘর্ষের কারণে তাঁদের কেউই সেখানে যেতে পারেননি।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাঁদের পূর্বনির্ধারিত কর্মসূচিতে হামলাকারী আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও আটক নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। একই দাবিতে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।ঘটনার সূত্রপাত: প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল সাড়ে তিনটার দিকে পল্লবী থেকে বিএনপি ও যুবদলের একটি মিছিল চলন্তিকা মোড়ের দিকে আসছিল। একই সময় উল্টো দিক থেকে যুবলীগের একটি মিছিল আসে। একপর্যায়ে উভয় দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তারা একে অন্যকে লক্ষ্য করে রাস্তা মেরামতের জন্য রাখা ইটের টুকরা ছুড়তে থাকে। আওয়ামী লীগ ও যুবলীগের কয়েক শ সমর্থক ঘটনাস্থলে এসে সংঘর্ষে লিপ্ত হয়।একপর্যায়ে আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা বিএনপি ও যুবদলের সমর্থকদের পল্লবী বিএনপির কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে ফেলেন। তাঁরা কার্যালয় লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এলাকায় খণ্ড খণ্ড মিছিল করতে থাকেন। বাইরে যে দু-একজন বিএনপির কর্মী ছিলেন, তাঁদের বেদম মারপিট করেন আওয়ামী লীগের কর্মীরা। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের নিবৃত্ত করতে তারা কার্যকর কোনো উদ্যোগই নেয়নি।অবশ্য ঘটনার জন্য আওয়ামী লীগ উল্টো বিএনপিকে দায়ী করেছে। পল্লবী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সাংবাদিকদের বলেছেন, ‘এরা বাংলাদেশের সর্বত্র সন্ত্রাসী কায়দায় পরিস্থিতি অস্থিতিশীল করতে চাচ্ছে। এখানে তারা গুলি করেছে। তবে আমাদের কর্মীরা ধৈর্যের পরিচয় দিয়েছে।’গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার: বিএনপির কর্মীরা তাঁদের কার্যালয়ে অবরুদ্ধ হওয়ার পর ঘটনার ছবি তুলতে গেলে আওয়ামী লীগের কর্মীরা গণমাধ্যমকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একাধিকবার তাঁরা গণমাধ্যমকর্মীদের দিকে তেড়ে আসেন। আটকে পড়া বিএনপির কর্মীরা জানালার ফাঁক দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ৯২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন মোল্লা সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এ সময় তিনি উপস্থিত পুলিশ কর্মকর্তাকে বলেন, ‘মিডিয়ায় গেলে ভেজাল হবে, ঝামেলা হবে।’পরে বিএনপির কার্যালয়ের পেছন দিকের জানালা দিয়ে আটকে পড়া কর্মীদের সঙ্গে কথা বলতে যান গণমাধ্যমকর্মীরা। এটা দেখে আওয়ামী লীগের কর্মীরা সাংবাদিকদের দিকে তেড়ে আসেন। পরে পুলিশ তাঁদের নিবৃত্ত করে। এ সময় সাংবাদিকদের গালিগালাজ করেন আওয়ামী লীগের কর্মীরা।পুলিশ যা বলছে: ঘটনাস্থলে উপস্থিত পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, বিএনপির সমাবেশ হওয়ার কথা ছিল কার্যালয়ের ভেতরে। তাদের মাইক ব্যবহারের অনুমতি ছিল না। কিন্তু বিএনপি ও তার অঙ্গসংগঠনের কর্মীরা বাইরে মিছিল করতে থাকেন। এক দিক থেকে যুবদল, অন্য দিক থেকে যুবলীগ মিছিল নিয়ে আসে। তারা পরস্পরের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। পরে আরও কিছু লোক এসে সংঘর্ষে লিপ্ত হয়। পুলিশ এসে সংঘর্ষ থামিয়েছে।৭৮ জন আটক: ঘটনাস্থলে উপস্থিত আওয়ামী লীগের কর্মীরা পুলিশের প্রতি বারবার বিএনপির আটকে পড়া কর্মীদের গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন। বিকেল সাড়ে পাঁচটার পর থেকে পুলিশ বিএনপির কার্যালয়ে অবরুদ্ধ কর্মীদের আটক করে পল্লবী থানায় নিয়ে যায়। সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত সেখান থেকে ঢাকা সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আহসানউল্লাহ্, ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ পারভেজসহ মোট ৭৮ জনকে আটক করা হয়।রাতে পল্লবী থানার উপ-পরিদর্শক শ্রীধাম প্রথম আলোকে বলেন, রাস্তায় শান্তি ভঙ্গের দায়ে বিএনপির এসব নেতা-কর্মীকে আটক করা হয়েছে।