বিএনপির কর্মসূচিতে দুই সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির বিক্ষোভ সমাবেশে সংবাদ সংগ্রহের সময় আজ শনিবার দুপুরে দুই সাংবাদিককে পিটিয়েছে ছাত্রদলের ক্যাডাররা।এই দুই সাংবাদিক হলেন মানবজমিন-এর সিনিয়র রিপোর্টার কাফি কামাল ও আজকালের খবর-এর স্টাফ রিপোর্টার আবদুর রশিদ।প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশে হোটেল ভিক্টোরির সিঁড়িতে বসে সমাবেশে বিএনপির নেতাদের বক্তব্য লিখছিলেন কাফি কামাল, আবদুর রশিদ ও একটি অনলাইন পত্রিকার রিপোর্টার আসাদ জামান। সিঁড়ির নিচের দিকে বসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কয়েকজন ক্যাডার। সমাবেশ শেষে সাংবাদিকেরা সিঁড়ি দিয়ে নেমে আসার সময় ছাত্রদলের ওই ক্যাডারদের সরে বসতে বললে তারা বলে, ‘অন্য পাশ দিয়ে যান।’ এ সময় সাংবাদিক আবদুর রশিদ ‘পাশে কোনো জায়গা নেই’ বললে ওই ক্যাডাররা মারমুখো ভঙ্গিতে তেড়ে আসে। তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন ক্যাডার। তখন সেখান থেকে ওই দুই সাংবাদিক দ্রুত সরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। সেখানে রফিক, রুবেল, রুহুল ও মহসিনের নেতৃত্বে ছাত্রদলের ক্যাডাররা সাংবাদিক কাফি কামাল ও আবদুর রশিদের ওপর আক্রমণ করে। তারা দুই সাংবাদিককে মারধর করে এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করে। এ সময় আরও কয়েকজন সাংবাদিক এগিয়ে এলে ছাত্রদলের ওই ক্যাডাররা তাঁদেরও লাঞ্ছিত করে।পরে এ ঘটনা জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুঃখ প্রকাশ করেছেন। তিনি দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।বিএনপির দপ্তর সম্পাদক রহুল কবীর রিজভীও এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের বলেছেন।অভিযোগ রয়েছে, আক্রমণকারীরা ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদারের অনুসারী। পরে টেলিফোনে যোগোযোগ করা হলে আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, যারাই এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের খুঁজে বের করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।