বিএনপির কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় চাঁদপুর-ঢাকা সড়ক ও নৌপথ বন্ধ !
বিএনপির ‘ঢাকা চলো’ কর্মসূচিতে নাশকতার আশঙ্কায় চাঁদপুর-ঢাকার মধ্যে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশ প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।আজ শনিবার চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকের হোসাইন প্রথম আলো অনলাইনকে বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই চাঁদপুর থেকে ঢাকাগামী সব নৌযান ও সড়কে বাস চলাচল ১২ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে।তবে এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা অস্বীকার করেছেন চাঁদপুরের পুলিশ সুপার শহীদুল্যা চৌধুরী।এদিকে নৌ টার্মিনালে সরেজমিনে দেখা গেছে, ঘাট থেকে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। টার্মিনালে পুলিশ টহল দিচ্ছে। এ ব্যাপারে চাঁদপুরে বিআইডব্লিউটিএয়ের উপপরিচালক আবুল বাসার বলেন, ‘আমি বিষয়টি জানতাম না। তবে শুনেছি সরকারের নির্দেশে এটি করা হয়েছে।’বাস টার্মিনালসহ শহরেরও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও পুলিশের টহল চোখে পড়েছে। জেলার বাস মালিক সমিতির সহসভাপতি শাহীর পাটোয়ারী জানান, পুলিশ অনেক গাড়ি রিকুইজিশন করেছে। গাড়ি চলাচল বন্ধ রয়েছে, তবে দুয়েকটি গাড়ি চললেও পুলিশ তা রিকুইজিশন করছে।এদিকে কোনো ঘোষণা ছাড়া হঠাত্ এমন সিদ্ধান্তের কারণে গন্তব্যে যেতে না পেরে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।