বিএনপির কর্মসূচিতে বাধার পরিণতি ভালো হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, সরকার ও তাঁদের বাহিনী বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে তার পরিণতি ভালো হবে না। বাধা এলে সমুচিত জবাব দেওয়া হবে। জনগণই এর সমুচিত জবাব দেবে।খোন্দকার দেলোয়ার বলেন, ‘আমরা কর্মসূচি দেব। দেশবাসী তা শান্তিপূর্ণভাবে পালন করবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচালের ষড়যন্ত্র চলছে। আলামত পাওয়া যাচ্ছে, আগামী তিন-চার দিন তাঁরা (সরকার ও দল) আরও ভয়ংকর রূপ ধারণ করবে। তবে এর পরিণতি ভালো হবে না।’ আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথ সভা শেষে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সরকারের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিএনপি আগামী ৩০ নভেম্বর মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এ ছাড়া ২৫ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জেলা-উপজেলা ও বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।দ্রব্যমূল্য-নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হত্যা-খুন বন্ধ, তারেক-কোকোসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকের যৌথ সভায় ঘোষিত কর্মসূচি সফল করতে সার্বিক আলোচনা হয়। আজ দুপুর সোয়া ১২টার দিকে এই যৌথ সভা শুরু হয়ে চলে দুইটা পর্যন্ত। সভা শেষে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেন, বিদেশিদের নির্দেশে বিরোধী রাজনীতি ধ্বংস করে সরকার একতরফাভাবে দেশ চালাতে চায়। যাঁরাই তাদের প্রভুদের বিরুদ্ধে কাজ করছে, তাঁদের নিশ্চিহ্ন করে আরেকটি ভুটান বানানোর চেষ্টা চলছে। প্রধান বিচারপতির বাসায় বোমা হামলার ঘটনার কথা উল্লেখ করে দেলোয়ার বলেন, এখন এ দেশে কারও নিরাপত্তা নেই। অবস্থাদৃষ্টে মনে হয়, তারা (সরকার) সব ঘটনা ঘটানোর ব্যবস্থা করে বসেছিল। এটি সরকারের পূর্বপরিকল্পিত। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।সরকার জনমত হারিয়ে ফেলেছে উল্লেখ করে দেলোয়ার বলেন, দেশে এমন একটি ক্ষেত্রও নেই যেখানে সরকার সফল হয়েছে। এখন পর্যন্ত সরকার কোনো নির্বাচনী ওয়াদা পুরণ করতে পারেনি। উল্টো সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখল এমন পর্যায়ে চলে গেছে যে দেশে আইনের শাসন আছে বলে মনে হয় না।