বিএনপির কারণে মিয়ানমারের সঙ্গে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে তাদের আগ্রাসী ও অসত্ প্রতিবেশীসুলভ আচরণের কারণে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল। আজ বৃহস্পতিবার সংসদে বাজেটের মঞ্জুরি দাবির ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মঞ্জুরির দাবির ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনার সময় ফজলুল আজিম বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভালো মানুষ। তবে শুধু বিদেশে যেতে পছন্দ করেন। উনি ভারতকে সব উজাড় করে দিয়ে দিচ্ছেন। সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ মারা হচ্ছে। সমুদ্রজয় নিয়ে আমরা আনন্দিত। গ্যাস ব্লক নিয়ে ভারত আর মিয়ানমারের সঙ্গে আমাদের ঝগড়া আছে। কিন্তু কয়টি ব্লক উনি পেলেন, তা তো বললেন না।’জবাবে দীপু মনি বলেন, ‘মিয়ানমার সঙ্গে সমুদ্রসীমা নির্ধারণ না করেই বিএনপি-জামায়াত সমুদ্রে ব্লক ঘোষণা করেছিল। কার বাড়ি আর ব্লক, কে দেয় ঘোষণা। আমরা আমাদের ভূখণ্ড থেকে ২০০ নটিক্যাল মাইলের মধ্যে ব্লক নির্ধারণ করতে পারি। কিন্তু মিয়ানমার থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে ব্লক ঘোষণা দেওয়ার মতো আগ্রাসী ও অসত্ প্রতিবেশীসুলভ আচরণ আর হতে পারে না। এ জন্য তখন মিয়ানমার সঙ্গে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল। উত্তরা ষড়যন্ত্রের নায়ক, বলা নেই কওয়া নেই, হঠাত্ করে ব্লক ঘোষণা করলেন। এ জন্য তাদের ক্ষমা চাওয়া উচিত।’দীপু মনি আরও বলেন, ‘আমরা ভারতের সঙ্গে বন্ধুত্ব বিনিময় করছি। ভারতে আমাদের রপ্তানি তিন গুণ বেড়েছে। টিপাইমুখ নিয়ে আমরা যৌথ সমীক্ষার কথা বলেছি। দেখতে চাই আমাদের ক্ষতির পরিমাণ কতটুকু। আমরা তো লাভবানও হতে পারি। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’বাজেট পাস শেষে সংসদের অধিবেশন আগামী ২ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে।