ফখরুল, খোকা, আমান, রিজভী, ফারুকসহ শতাধিক নেতা-কর্মী আটক, আজ হরতাল
বিএনপির কার্যালয়ে পুলিশের হানা
দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়ার আধা ঘণ্টার মধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়ে পুলিশ। সেখান থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ডজন খানেক কেন্দ্রীয় নেতাকে ধরে নিয়ে যায় তারা। এ সময় ওই কার্যালয় থেকে ১০টি ককটেল ও বোমা উদ্ধার করা হয় বলে পুলিশ দাবি করেছে।আটক নেতাদের মধ্যে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, মো. শাজাহান, রুহুল কবির রিজভী, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। মহাসচিবের কক্ষের দরজা ভেঙে তাঁদের ধরে নিয়ে যায় পুলিশ। রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে ১৮ দলীয় জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধানকে আটক করা হয়। আটকের ভয়ে অন্য নেতা-কর্মীরা রাতে কার্যালয় থেকে বের হননি বলে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে ঢুকে দরজা ভেঙে এভাবে কেন্দ্রীয় নেতাদের গ্রেপ্তারের ঘটনা নজিরবিহীন।১৮ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ শেষে আজ মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়। রাতে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের বৈঠক শেষে জানানো হয়, বৃহস্পতিবারের মধ্যে নেতাদের মুক্তি দেওয়া না হলে ১৮ ও ১৯ মার্চ দেশব্যাপী হরতাল দেওয়া হবে।এর পরই গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের এই অভিযান চলে। এর আগে বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত কার্যালয়ের সামনে ১৮ দলীয় জোটের কর্মীরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তাঁরা আশপাশে বিভিন্ন অফিস ও দোকানে ইটের টুকরা নিক্ষেপ করে কাচ ভাঙচুর করেন। একদিকে নাইটিঙ্গেল মোড়, অন্যদিকে ফকিরাপুল মোড়ে দাঁড়িয়ে থাকা র্যাব-পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ নীরব ছিল।একপর্যায়ে জোটের নেতা-কর্মীরা এদিক-সেদিক ছড়িয়ে পড়েন। পরিস্থিতি তখন শান্ত হয়ে যায়। এ সময় নাইটিঙ্গেল মোড়ের কাছে প্রচারপত্র বিলি করার সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। এর কিছুক্ষণ পরই পুলিশ ও র্যাব বিএনপির কার্যালয়ের দিকে এগোতে এগোতে ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করতে থাকে। ছয়টার দিকে আচমকা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ঢুকে পড়ে পুলিশ। তারা প্রতিটি তলায় তল্লাশি করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে আটক করে নিয়ে যায়।পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এস এম মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, পুলিশ নিরুপায় হয়ে অভিযানে নেমেছে। সমাবেশকারীরা আশপাশের অফিস ভাঙচুর করেছে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়েছে। তার পরও পুলিশ ধৈর্য ধরেছে। তিনি বলেন, ‘আমরা বিএনপিকে বলেছিলাম কোনো সমস্যা হলে পুলিশকে জানাতে। তারা যেন সুষ্ঠুভাবে সমাবেশ করতে পারে, এ জন্য রাস্তা ফাঁকা করে দেওয়া হয়েছে। তার পরও সুপরিকল্পিতভাবে তারা নিজেরা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’মির্জা ফখরুলকে একবার আটক, পরে ছেড়ে দিয়ে আবার আটকের ব্যাপারে জানতে চাইলে মেহেদি হাসান কিছু বলতে চাননি। তবে পুলিশের অন্য একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, তাঁকে আটক করা হবে কি না, যথাযথ নির্দেশ না থাকায় ভ্যানে না তুলে ছেড়ে দেওয়া হয়। নির্দেশ পাওয়ার পর আবার তাঁকে আটক করা হয়।ফখরুলসহ অন্তত ২০ জনকে একই ভ্যানে তোলা হয়। এরপর প্রিজন ভ্যানটি সেখান থেকে চলে যায়। দ্বিতীয় প্রিজন ভ্যানে ১৮ থেকে ২০ জনকে তোলা হয়। কার্যালয়ের ভেতরে অভিযান চলাকালে কার্যালয়ের বাইরে তিনটি প্রিজন ভ্যান দাঁড়িয়ে ছিল। তল্লাশি শেষে মোট আটটি প্রিজন ভ্যানে নেতা-কর্মীদের নিয়ে যায় পুলিশ।দরজা ভেঙে আটক: পুলিশের ধাওয়া খেয়ে বিএনপির নেতা-কর্মীরা হুড়মুড় করে বিএনপির কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন। পুলিশও তাঁদের পিছু নেয়। এ পরিস্থিতিতে নেতা-কর্মীরা কার্যালয়ের বিভিন্ন কক্ষে আত্মগোপনের চেষ্টা করেন। বিএনপির শীর্ষস্থানীয় নেতারাসহ কয়েকজন নেতা-কর্মী মহাসচিবের কক্ষে ঢুকে ভেতর থেকে আটকে দেন। কেউ কেউ বাথরুমে ঢুকে পড়েন। তবে অধিকাংশ নেতা-কর্মীই আত্মগোপনের সুযোগ পাননি। ফলে পুলিশ কার্যালয়ের ভেতরে গিয়ে নেতা-কর্মী যাকেই সামনে পেয়েছে, তাঁকেই আটক করে। কার্যালয়ের প্রতিটি তলায় নেতা-কর্মীরা তখন আতঙ্কে এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। পুলিশ তল্লাশি চালিয়ে একে একে সবাইকে আটক করতে থাকে। কারও শার্টের কলার ধরে, কারও হাত ধরে, কারও বা কোমরের কাছে প্যান্ট ধরে একে একে সবাইকে প্রিজন ভ্যানে তুলতে থাকে। এ সময় আটক কয়েকজনের মুখ ও নাক রক্তাক্ত দেখা গেছে।পুলিশের পাঁচ শতাধিক সদস্য এ সময় কার্যালয়ের ভেতরে-বাইরে অবস্থান নেন। কার্যালয়ের মূল ফটকের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে পুলিশ। ছোট ছোট দলে বিভক্ত হয়ে অর্ধশতাধিক পুলিশ কার্যালয়ের ভেতরে ধরপাকড় শুরু করে। কিছু পুলিশ সিঁড়িতে অবস্থান নেয়। পুলিশ ওই কার্যালয়ে ঢুকলেও প্রথমে কোনো সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। পরে মির্জা ফখরুলসহ কয়েকজন নেতা-কর্মীকে আটক করার পর সাংবাদিকেরা কার্যালয়ে ঢোকেন।ভেতরে ঢুকে দেখা গেছে, প্রতিটি তলায় অর্ধশতাধিক পুলিশ তল্লাশি চালাচ্ছিল। সেখানে গণমাধ্যমকর্মীদের ভিড় ছিল। তিনতলায় মহাসচিবের কক্ষটি ভেতরে থেকে আটকানো ছিল। ভেতরে ছিলেন অর্ধশতাধিক নেতা-কর্মী। পুলিশ প্রথমে ওই কক্ষের দরজা ভাঙার চেষ্টা করে। কিন্তু টিভি ক্যামেরা থাকায় তারা তা না করে নেতা-কর্মীদের দরজা খুলে দেওয়ার আহ্বান জানায়। ভেতর থেকে কোনো সাড়া দিচ্ছিলেন না নেতা-কর্মীরা। কিছুক্ষণ পর এডিসি মেহেদী হাসান ওই কক্ষের সামনে এসে কয়েকজন পুলিশ সদস্যকে বলেন, ‘দরজা ভাঙা হবে, কিছু নিয়ে আসো।’ পুলিশ একটি বড় হাতুড়ি নিয়ে আসে। ওই হাতুড়ি দিয়ে দরজায় উপর্যুপরি আঘাত করা হলে সিটকিনি ও লক ভেঙে গিয়ে দরজা খুলে যায়। তখন পুলিশ কর্মকর্তারা ভেতরে থাকা নেতা-কর্মীদের বলেন, ‘আপনারা নিরাপদ, বের হয়ে আসেন।’ একেকজন নেতা-কর্মী বের হয়ে এলে তাঁদের আটক করা হয়। ওই কক্ষ থেকে ৫৩ জনকে আটক করে পুলিশ। তবে ওই কক্ষের ভেতরে আরেকটি ছোট কক্ষে ভেতর থেকে দরজা বন্ধ করে ছিলেন কেন্দ্রীয় নেতারা।এডিসি মেহেদী হাসান তাঁদের দরজা খুলে দেওয়ার জন্য বারবার আহ্বান জানাতে থাকেন। নেতারা তাতে রাজি হচ্ছিলেন না। একপর্যায়ে পুলিশ একই হাতুড়ি দিয়ে ওই কক্ষেরও দরজা ভেঙে সাদেক হোসেন খোকা, ড্যাবের জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুকসহ অন্তত ১০ নেতাকে আটক করে। তবে ওই কক্ষে থাকা সাংসদ নিলুফার ইয়াসমিনসহ ১০-১২ জন নারী নেতা-কর্মী থাকলেও তাঁদের আটক করা হয়নি। পুলিশ বিএনপির কার্যালয় থেকে কয়েকটি ট্রাংক নিয়ে যায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পুলিশ দলের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে।পুলিশ ধরে নিয়ে যাওয়ার সময় জয়নুল আবদিন সাংবাদিকদের দিকে হাত উঁচিয়ে বলেন, ‘আন্দোলন চলবে।’ সাদেক হোসেন ক্ষুব্ধ কণ্ঠে সাংবাদিকদের বলতে থাকেন, ‘সরকার পুলিশ বাহিনী লেলিয়ে দিয়ে নিয়মনীতির তোয়াক্কা না করে দরজা ভেঙে আমাদের আটক করছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’এ ঘটনার আগে দলীয় কার্যালয়ের তিনতলার একটি কক্ষে কান্নাকাটির শব্দ আসে। সেখানে গিয়ে দেখা যায়, এক কর্মীকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ। ওই কর্মী পুলিশের পা চেপে ধরে বলছিলেন, ‘আমার পরীক্ষা, আমাকে নিয়ে যাইয়েন না।’দলীয় কার্যালয়ের একটি কক্ষে বিএনপির নারীকর্মীরাও ছিলেন বেশ আতঙ্কে। কয়েকজনকে কাঁদতে দেখা যায়। কেউ কেউ পরিবারের সঙ্গে কথা বলছেন। অবশ্য কার্যালয় থেকে কোনো নারী নেতা-কর্মীকে আটক করা হয়নি। রাত আটটার দিকে তাঁদের বাসায় চলে যেতে বলা হয়।পুরো ঘটনা চলার সময় বিএনপির কার্যালয়সংলগ্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তল্লাশির খবর চারদিকে ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফলে সন্ধ্যার পরপরই সড়কে যানবাহনের সংখ্যা কমতে থাকে। নয়াপল্টন এলাকায় সব দোকানপাট বন্ধ করে দেওয়া হয়।সমাবেশ: বেলা তিনটায় দলীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর মঞ্চ করে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাদেক হোসেন। প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আলতাফ হোসেন চৌধুরী, আমান উল্লাহ, রুহুল কবির রিজভী, জয়নুল আবদিন ফারুক, শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। বিকেল পাঁচটা পর্যন্ত সুষ্ঠুভাবে সমাবেশের কার্যক্রম চলছিল। পুলিশও ছিল সমাবেশস্থল থেকে অনেক দূরে। শেষ বক্তা হিসেবে পাঁচটার সময় মঞ্চে ওঠেন মির্জা ফখরুল। তাঁর বক্তব্য শুরুর দুই-তিন মিনিট পর সমাবেশের পাশেই আটটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ সময় সমাবেশে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা ‘কাল হরতাল’ বলে চিৎকার করতে থাকেন। মির্জা ফখরুল মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দেন, সমাবেশ করতে বাধা সৃষ্টির কারণে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল হবে। এর পরই সমাবেশের কার্যক্রম শেষ করে কিছু নেতা-কর্মী বিএনপির কার্যালয়ে ঢুকে পড়েন।১৮ দলীয় জোটের কর্মীরা তখন লাঠিসোঁটা নিয়ে কাকরাইল ও ফকিরাপুল মোড়ে দাঁড়িয়ে থাকা পুলিশের দিকে এগিয়ে যান। তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করতে থাকেন।সমাবেশ ১৮ দলীয় জোটের হলেও সেখানে মূলত বিএনপি-জামায়াতের কর্মীদেরই দেখা যায়। তাঁরা সড়ক বিভাজক তুলে ফেলেন। বিভাজকে থাকা প্রতিটি গাছ তুলে ফেলে তার ওপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।১০টি বোমা: পুলিশ জানায়, কার্যালয়ের নিচতলা থেকে চতুর্থ তলা এবং ছাদে তল্লাশি চালায় পুলিশ। তিনতলায় বাথরুমের পাশ থেকে তারা দুটি ককটেল উদ্ধার করে। এরপর চতুর্থ তলায় ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তরের পাশ থেকে চারটি এবং দোতলা থেকে চারটি বোমা উদ্ধার করা হয়। পরে গোয়েন্দা পুলিশের একটি দল বোমাগুলো নিষ্ক্রিয় করে।পুলিশের এক কর্মকর্তা জানান, উদ্ধার করা বোমাগুলোর মধ্যে ছয়টি ককটেল এবং চারটি হাতবোমা।অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, বিএনপির কার্যালয়ে বোমা পাওয়ার ঘটনা পুলিশের সাজানো নাটক। হরতালের ঘোষণার আগেই পুরান ঢাকার কোতোয়ালি থানার রায়সাহেব বাজার ও নয়াবাজার এলাকায় দুটি যানবাহনে আগুন দেওয়া হয়।