বিএনপির কার্যালয় অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল মঙ্গলবার বিকেলে পল্টনে সংঘর্ষের পর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় কার্যত অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে ভেতরে আটকা পড়া নেতা কর্মীরা বের হচ্ছেন না।গতকাল নেত্রকোনায় ১৮ দলের সমাবেশে প্রশাসনের ১৪৪ ধারা জারি করা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গাড়িবহরে সরকার-সমর্থকদের হামলার অভিযোগে বিকেল চারটায় নয়াপল্টনে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দেয় যুবদল, ছাত্রদলসহ বিএনপির কয়েকটি অঙ্গসংগঠন।বিকেল সোয়া চারটার দিকে সমাবেশ চলা অবস্থায় বিজয়নগর মোড়ের কাছে রাস্তার পাশে রাখা একটি গাড়িতে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এর পরই বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। নয়াপল্টন এলাকা অনেকটা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ওই এলাকায় দুটি গাড়িতে আগুন ও প্রায় ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও বিএনপির কর্মীদের পাল্টাপাল্টি ইটপাটকেল ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পল্টনসহ আশপাশের এলাকায়। ঘটনার পরপরই পুলিশ নয়াপল্টনে বিএনপির কার্যালয় ঘিরে ফেলে, যা এখনো অব্যাহত রয়েছে। ফলে ভেতরে আটকা পড়েন অনেক নেতা কর্মী। দলীয় সূত্র জানায়, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি মহিদুল হাসান হিরুসহ বেশ কিছু নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়েই রাত কাটান। দুপুর সোয়া ১২টার দিকে অবরুদ্ধ অবস্থা থেকে বের হতে গিয়ে নাইটিঙ্গেল মোড়ে পুলিশের হাতে আটক হন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। তবে দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার কার্যালয়ে আসেন।অবরুদ্ধ নেতা-কর্মীরা অভিযোগ করেন, গ্রেপ্তারের ভয়ে তাঁরা বের হতে পারছেন না।