বিএনপির কার্যালয় অবরুদ্ধ, সংঘর্ষ ও পুলিশের লাঠিপেটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের ধানমন্ডির বাসভবনে হামলা, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষসহ বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে গতকাল সোমবার হরতাল পালিত হয়েছে। জয়পুরহাটে হরতালের সমর্থনে পিকেটিং করার সময় সাংসদ গোলাম মোস্তাফা পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন। গতকাল রাজধানীতে হরতাল চলাকালে নগরের কয়েকটি স্থানে বিএনপির কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এসব ঘটনায় ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন। পুলিশ ২৪ জনকে আটক করেছে। আড়িয়ল বিলে বিমানবন্দর স্থাপনের সরকারি সিদ্ধান্ত নিয়ে সহিংস ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নির্বাচন কমিশনের পদত্যাগসহ আরও কয়েক দফা দাবিতে বিএনপি সকাল-সন্ধ্যা এই হরতাল আহ্বান করে। জামায়াতে ইসলামীসহ বিএনপির সমমনা ও শরিক দলগুলো এই হরতালে সমর্থন দিয়েছিল।হরতাল চলাকালে ঢাকার রাস্তায় দিনভর ব্যক্তিগত গাড়ি ছাড়া সব ধরনের যানবাহন চলাচল করেছে, তবে তা সংখ্যায় ছিল কম। দুপুর থেকে সিএনজিচালিত অটোরিকশা, এমনকি কিছু কিছু ব্যক্তিগত গাড়িও চলাচল করেছে। আর হরতাল মানেই শহরে রিকশার রাজত্ব। গতকালও তার ব্যতিক্রম দেখা যায়নি। বড় বড় বিপণিবিতান বন্ধ থাকলেও পাড়া-মহল্লায় দোকানপাট খোলাই ছিল। সচিবালয়ে উপস্থিতি ও কাজকর্ম হয়েছে। সরকারি অফিস-আদালত ও ব্যাংক খোলা ছিল। শেয়ারবাজারে লেনদেন হয়েছে। রেল ও বিমান চলাচল স্বাভাবিক ছিল। তবে আন্তজেলা বাস চলেনি। আর হরতাল শতভাগ কার্যকর ছিল শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে। রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান অভিযোগ করেছেন, তাঁর বাসায় গতকাল সকালে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে ছাত্রলীগ। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে ধানমন্ডি ১ নম্বর সড়কের নিজ বাসা থেকে আবদুল মান্নানসহ বিএনপির কয়েকজন নেতা-কর্মী মিছিল নামানোর চেষ্টা করেন। পুলিশ এতে বাধা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী ১০-১২ জন যুবক এলে পুলিশ তাদেরও ধাওয়া দেয়। বিএনপির নেতা-কর্মীরা বাসা থেকে ওই যুবকদের লক্ষ্য করে ঢিল ছোড়েন। জবাবে তারাও ইট মারে। এতে বাসাটির জানালা ও গাড়ির কাচ ভেঙে যায়। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। আবদুল মান্নান বলেছেন, গতকাল সকালে তাঁর বাসায় নেতা-কর্মীদের আসতে পুলিশ বাধা দেয়। এ সময় শ্রমিক দলের দুই নেতাকে তাঁরা আটক করে। খবর পেয়ে কয়েকজন নেতা-কর্মীসহ তিনি পুলিশের সঙ্গে কথা বলতে বাসার ফটকের সামনে আসেন। এ সময় ২৫-৩০টি মোটরসাইকেলে প্রায় ৬০ জন যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাঁদের ধাওয়া দেয়। এ সময় তাঁরা বাসার ভেতরে চলে আসেন। কিন্তু তিন-চারজন যুবক জোর করে ফটক খুলে বাসার বারান্দা পর্যন্ত চলে আসে এবং একটি ব্যক্তিগত মাইক্রোবাসের কাচ ভেঙে দেয়। এ সময় ফটকের বাইরে থাকা অন্য যুবকেরাও বাসা লক্ষ্য করে বেশ কয়েকটি ইট মারলে জানালার কাচ ভেঙে যায়। ইট ও কাচের আঘাতে তাঁর থুঁতনির নিচে সামান্য কেটে যায়। এ ছাড়া হামলায় তাঁর স্ত্রী, জামাতা, বাড়ির নিরাপত্তাকর্মীসহ কয়েকজন সামান্য আহত হয়েছেন। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ বাধে। এতে বিএনপির ১১ জন নেতা-কর্মী আহত এবং আটজন গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে। নয়াপল্টন এলাকায় সকাল থেকেই বিএনপির নেতা-কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের দলীয় কার্যালয়ে আটকে রাখে। সকাল সাড়ে ছয়টার দিকে নয়াপল্টনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী, জয়নাল আবদিন ফারুকসহ নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা কার্যালয়ের সামনে ফুটপাতে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। সকাল সাড়ে সাতটার দিকে মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সেখানে এসে সাংবাদিকদের বলেন, এটা জনগণের দাবি আদায়ের হরতাল। মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এই হরতালে অংশ নিচ্ছে। কিন্তু সরকার তার দলীয় বাহিনী, সরকারি বাহিনী দিয়ে এই হরতাল প্রতিহত করার চেষ্টা করছে।দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আরেক দফা মিছিল বের করার চেষ্টা করা হলে পুলিশ লাঠিপেটা করে। এতে কয়েকজন নেতা-কর্মী আহত হন। কার্যালয়ের সামনের সড়কে বিএনপির সাংসদ জয়নাল আবদিন ফারুক, হারুন আল রশিদ, মাহবুবউদ্দীন, আসিফা আশরাফী, শাম্মী আক্তার, নিলুফার হক, রেহানা আক্তার বসে পড়েন। ফলে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। সাংসদদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। সড়কজুড়ে পানি ছড়িয়ে দেওয়ার পর সাংসদেরা উঠে সড়ক বিভাজকের ওপর বসেন। বেলা পৌনে ১১টার দিকে বাহাদুরশাহ পার্ক এলাকায় হরতালের সমর্থনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিল করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে। এ সময় ওমর ফারুক ও রূপম নামে ছাত্রদলের দুই কর্মীকে আটক করে পুলিশ। দুপুর সোয়া দুইটার দিকে সৈয়দ নজরুল ইসলাম সরণিতে তানজিল পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন হরতাল সমর্থকেরা। পুরান ঢাকার অধিকাংশ দোকান বন্ধ থাকলেও সদরঘাট থেকে গাবতলী ও সদরঘাট হয়ে মিরপুর রুটের বাস চলাচল করতে দেখা গেছে।মহাখালীর ওয়্যারলেস গেট এলাকা থেকে আরও তিনজনকে আটক করা হয়। পিকেটারদের কোথাও যানবাহন চলাচলে বাধা দিতে দেখা যায়নি। সকাল ১০টা থেকেই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ওয়্যারলেস গেটে হরতালের পক্ষে সমাবেশ করেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, যুগ্ম মহাসচিব সেলিমা রহমানসহ কেন্দ্রীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির কর্মীরা টিঅ্যান্ডটি সড়কের দিকে গেলে পুলিশের ধাওয়ার মুখে পড়েন। সেখান থেকে পুলিশ দুজনকে আটক করে। এখানে বিভিন্ন গলি থেকে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়।