যুবদলের সভাপতিসহ ২২ জন রিমান্ডে, তিন মামলায় ১০৯ নেতা- কর্মী আসামি
বিএনপির কার্যালয় দুই দিন ধরে ঘিরে রেখেছে পুলিশ
দুই দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। অবরুদ্ধ কার্যালয় থেকে গতকাল বুধবার দুপুরে বের হওয়ার পর যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।এ নিয়ে মোট ২৫ জন নেতা-কর্মী গ্রেপ্তার হলেন। তাঁদের মধ্যে ২৪ জন গ্রেপ্তার হন গত মঙ্গলবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া ২৫ জনের মধ্যে মোয়াজ্জেম হোসেনসহ ২২ জনকে পল্টন থানায় দ্রুত বিচার আইনে করা মামলায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। বাকি তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে।নেত্রকোনায় ১৮ দলের সমাবেশ নিষিদ্ধ করা এবং বিএনপির নেতা মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি দেয় দলটি। এতে বাধা দিলে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শতাধিক নেতা-কর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন। সঙ্গে সঙ্গে বিপুলসংখ্যক পুলিশ কার্যালয় ঘিরে ফেলে। এরপর বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও এর আশপাশে অবস্থান নেন। গ্রেপ্তার এড়াতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসানসহ আটকে পড়া নেতা-কর্মীরা কার্যালয়েই রাত কাটান।খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার রাতেই দলীয় কার্যালয়ে যান। রাত আড়াইটা পর্যন্ত তিনি সেখানে ছিলেন। সকালে কয়েকজন আইনজীবী ও দলের নেতাকে নিয়ে আবার কেন্দ্রীয় কার্যালয়ে যান তিনি। এ সময় দলের ওয়ার্ড পর্যায়ের কিছু নেতা-কর্মী বের হয়ে যান। পুলিশ তাঁদের আটক করেনি। তবে দুপুর সোয়া ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীনের সঙ্গে গাড়িতে করে কার্যালয় থেকে বের হন যুবদলের সভাপতি। নাইটিঙ্গেল মোড়ে পুলিশ মোয়াজ্জেম হোসেনকে গাড়ি থেকে টেনে নামিয়ে গ্রেপ্তার করে।গতকাল রাত ১২টা পর্যন্ত বিএনপির কার্যালয় পুলিশের ঘেরাওয়ের মধ্যে ছিল। তখনো ভেতরে অর্ধশতাধিক নেতা-কর্মী ছিলেন বলে দলীয় সূত্র জানায়।তিন মামলায় কয়েক শ আসামি: মঙ্গলবার সংঘর্ষের পর ওই রাতে রমনা ও পল্টন থানায় তিনটি মামলা করে পুলিশ। মামলাগুলোর এজাহারে আসামি হিসেবে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের ১০৯ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া প্রতিটি মামলায়ই অজ্ঞাতনামা কয়েক শ নেতা-কর্মীর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ আনা হয়েছে।এর মধ্যে পল্টন থানায় দ্রুত বিচার আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি মামলায় যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান ও সাধারণ সম্পাদক মীর সরফত আলী, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী, বর্তমান সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মহিদুল হাসানসহ ৯৮ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে বলা হয়, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীরা জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, তাঁরা ও পলাতক আসামিরা বিএনপির নেতা মির্জা আব্বাসের নির্দেশ ও প্ররোচনায় পুলিশ সদস্যদের জখম এবং ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগ করেছেন।মঙ্গলবার বিকেলে মালিবাগ রেলগেটে পুলিশের সঙ্গে সংর্ঘষের ঘটনায় পুলিশ রমনা থানায় একটি মামলা করে। এতে আসামি হিসেবে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড পর্যায়ের ১১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়। এ ছাড়া বিএনপি-জামায়াতের অজ্ঞাতনামা এক শ থেকে দেড় শ নেতা-কর্মীকে আসামি করা হয়।রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, রমনা থানা বিএনপির সভাপতি ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমানের নেতৃত্বে ১০০-১৫০ জন বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী মালিবাগ রেলগেটে শক্তির মহড়া দেন। তাঁরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ায় এই মামলা করা হয়েছে।এদিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম গতকাল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রতিবাদ সভা করে। সমাবেশ থেকে আগামী সোমবার দেশের সব জেলা আইনজীবী সমিতিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।