বিএনপির কার্যালয়ে ছাত্রদলের ভাঙচুর
পদবঞ্চিত হয়ে রাজশাহীর রাজপাড়া থানা বিএনপির কার্যালয় ভাঙচুর করেছেন ছাত্রদল কর্মীরা। আজ বুধবার সন্ধ্যায় ছাত্রদলের কিছু নেতা-কর্মী এ ঘটনা ঘটান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ছাত্রদলের ৩০ থেকে ৪০ জন কর্মী নগরের কোর্ট এলাকায় রাজপাড়া থানা বিএনপির কার্যালয়ে গিয়ে ইটপাটকেল ছুড়ে জানালার কাচ ভাঙচুর করেন। এ ছাড়া ওই কার্যালয়ের দরজায় লাথিও মারতে থাকেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এ বিষয়ে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহ মইনুল ইসলাম জানান, গত সোমবার নগরের চারটি থানা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে কাঙ্ক্ষিত পদ না পেয়ে রাজপাড়া থানা ছাত্রদলের কয়েকজন নেতার নেতৃত্বে এই ভাঙচুর চালানো হয়েছে।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম রেজাউল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, প্রাথমিকভাবে চেষ্টা করে ওই কর্মীদের থামাতে না পেরে পুলিশ বেশ কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।