বিএনপির কার্যালয়ের অবরুদ্ধ অবস্থা কেটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশি পাহারা গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত বহাল ছিল। হাইকোর্ট থেকে ২২ নেতা-কর্মীর আগাম জামিনের খবর বের হওয়ার পর বিকেলের দিকে তা শিথিল হয়ে যায়। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পুলিশের করা তিন মামলায় আসামি হওয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের এসব নেতা-কর্মীর অনেকেই তিন দিন ধরে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। তাঁদের মধ্যে ২২ জনকে আগামী ১০ নভেম্বর পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া গ্রেপ্তার কিংবা হয়রানি না করারও নির্দেশ দেন আদালত।এর আগে গতকাল দুপুরে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিরোধী দলের কার্যালয় তিন দিন ধরে অবরুদ্ধ করে রেখে এক অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে সরকার।দুপুর পৌনে ১২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা দলীয় কার্যালয়ে যান। বেলা দেড়টার দিকে কার্যালয়ের সামনে সাবেক সাংসদ মোহাম্মদ আলীর জানাজা হয়। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিন দিন ধরে কেন্দ্রীয় কার্যালয়ে আটকা পড়া নেতা-কর্মীদের অনেকে সটকে পড়েন।এর আগে দলীয় কার্যালয়ে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, তিন দিন ধরে পুলিশ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। এভাবে নজরদারি কোনো স্বাভাবিক পরিবেশের দৃষ্টান্ত হতে পারে না। তিনি বিএনপির কার্যালয়ের সামনে থেকে অবিলম্বে পুলিশ সরিয়ে নেওয়ার দাবি জানান।গাড়ি পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে পুলিশের করা মামলাকে মিথ্যা ও বানোয়াট বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান ঘটনার দিন বান্দরবানে ছিলেন। তাঁকেও আসামি করা হয়েছে।পুলিশের মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান গতকাল সাংবাদিকদের বলেন, পুলিশ বিএনপির কার্যালয় অবরুদ্ধ করে রাখেনি। মামলার আসামিরা কার্যালয়ে ভেতরে আছেন। যাঁদের বিরুদ্ধে মামলা আছে, তাঁদের গ্রেপ্তার করার দায়িত্বও পুলিশের। তাঁদের গ্রেপ্তার করতে বাইরে পুলিশ অপেক্ষা করছে।এর আগে নেত্রকোনায় ১৮ দলের সমাবেশে ১৪৪ ধারা জারি ও মির্জা আব্বাসের গাড়িবহরে হামলার প্রতিবাদে গত মঙ্গলবার ঢাকার নয়াপল্টনে বিক্ষোভ-মিছিলের আয়োজন করলে পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়িতে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষের একপর্যায়ে শতাধিক নেতা-কর্মী বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে পড়েন। এর পর থেকে কার্যালয় ঘিরে রাখে পুলিশ।পরদিন বুধবার দুপুরে কয়েকজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে কার্যালয় থেকে বের হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন। যুবদলের সভাপতিসহ নেতা-কর্মীদের মুক্তি ও ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। এর মধ্যে ৭ অক্টোবর সারা দেশে জেলা ও মহানগর শাখা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং ৯ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হবে।