বিএনপির কিছু নেতার কর্মকাণ্ডে তৃণমূলের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী কিছু নেতার নেতৃত্ব ও কর্মকাণ্ডের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির তৃণমূল ও মধ্যম সারির নেতারা। দল পরিচালনার দায়িত্বে নিয়োজিত কেন্দ্রীয় কিছু নেতার স্বেচ্ছাচারিতা, চেয়ারপারসনের কার্যালয় ঘিরে থাকা কর্মকর্তা ও তারেক রহমানের নাম ভাঙিয়ে যাঁরা সুবিধা নিচ্ছেন, তাঁদের কঠোর সমালোচনা করেন তাঁরা। সভায় উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।গতকাল শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় নেতারা সুবিধাভোগী নেতাদের ব্যাপারে দলীয় চেয়ারপারসনকে সতর্ক থাকারও আহ্বান জানান। সভায় অর্ধশতাধিক নেতা বক্তব্য দেন। তবে কোনো নেতার নাম ধরে কেউ সমালোচনা করেননি। সভার শুরুতে বেগম খালেদা জিয়া বলেন, ‘আপনারা সংগঠনের অবস্থা সম্পর্কে বক্তব্য দেবেন। কোনো নেতাকে আক্রমণ করবেন না।’সকাল সাড়ে ১০টায় সভার উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দেশে প্রবল গণ-আন্দোলন সৃষ্টির ক্ষেত্র সরকারই তৈরি করে দিয়েছে।বক্তারা ভবিষ্যৎ নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়া, তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া, কর্মসূচি গ্রহণের আগে দলীয় কোন্দল নিরসন ও দলকে শক্তিশালী করা এবং কেন্দ্রীয় কমিটির নিষ্ক্রিয় সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।সভা সূত্র জানায়, বিএনপির তৃণমূল ও মধ্যম সারির নেতারা এত বড় কমিটি ও এর কাজের গতি নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, কমিটিতে অনেক অযোগ্য ব্যক্তিকে স্থান দেওয়া হয়েছে। এত বড় কমিটি গঠনের পরও কেন্দ্রীয় নেতারা তৃণমূলের খবর রাখার সময় পান না। তাঁরা অভিযোগ করেন, গুলশান কার্যালয়ে সব সময় থাকেন, এমন কিছু নেতা খালেদা জিয়ার সঙ্গে তৃণমূল নেতাদের দূরত্ব তৈরি করছেন।কয়েকজন বক্তার অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের কেউ কেউ ‘কমিটি-বাণিজ্যে’ লিপ্ত। তাঁরা টাকার বিনিময়ে বিভিন্ন কমিটিতে কর্মী নিয়োগ দিচ্ছেন। কেউ কেউ নিজেদের স্বার্থে ‘পকেট কমিটি’ গঠন করছেন। তারেক রহমানের বর্তমান অবস্থার জন্য তাঁরা অপেক্ষাকৃত তরুণ কিছু নেতাকে দায়ী করে বলেন, এই নেতাদের ‘ভাইয়া গ্রুপ’ বলে ডাকা হয়। এঁরা তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করে এখন দলের ক্ষতি করছেন।ফরিদপুর জেলা বিএনপির সভাপতি শাহাজাদা মিয়া বলেন, কিছু নেতা তারেক রহমানের লোক বলে নানা সুবিধা নিচ্ছেন। এঁরা ‘ভাইয়া গ্রুপ বলে পরিচিত। এদের জন্যই তারেক রহমানের আজ এ অবস্থা।খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম বলেন, চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পোশাক-আশাকে পরিপাটি হয়ে অনেকে বসে থাকেন। এঁদের নিয়ে রাজনীতি করলে কঠোর আন্দোলন গড়ে তোলা সম্ভব হবে না।বরিশাল দক্ষিণের আহ্বায়ক মুজিবর রহমান সারোয়ার বলেন, কিছু নেতা আছেন, যাঁরা কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেও কোনো কর্মসূচিতে অংশ নেন না।খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, চেয়ারপারসনকে কিছু চাটুকার ঘিরে রাখে, যাতে জেলা নেতারা সাক্ষাৎ করতে না পারেন।সাংসদ রেহানা আক্তার বলেন, নির্বাচনের আগে মনোনয়ন নিতে এসেছিলেন, এমন অনেকেই এখন বিএনপির রাজনীতিতে অনুপস্থিত।হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জি কে গাউস বলেন, কিছু কেন্দ্রীয় নেতা ঢাকায় বসে রাজনীতি করেন। কিন্তু নিজ জেলায় যান না। এঁরা নিজেদের জাতীয় নেতা হিসেবে মনে করেন।কুমিল্লা দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক আমিনুর রশিদ খালেদা জিয়াকে বলেন, ‘ম্যাডাম, কিছু লোকের কারণে আমরা আপনার সঙ্গে দেখা করতে পারি না।’দলের কোনো কোনো নেতা কর্মসূচি গ্রহণে আরও চিন্তাভাবনা করার আহ্বান জানান। সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আছপিয়া বলেন, হরতালের মতো কর্মসূচি দেওয়ার পর মানববন্ধন একটি হাস্যকর রাজনৈতিক কর্মসূচি বলে প্রতীয়মান হয়েছে। স্বাগত বক্তব্য দেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। স্থায়ী কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলী, নির্বাহী কমিটির সদস্য ও জেলার সভাপতি-সাধারণ সম্পাদকেরা সভায় উপস্থিত ছিলেন। শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করেন দলের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী। শোক প্রস্তাবে বিএনপির সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার নাম নেই।তৃণমূল নেতা-কর্মীরা গুলশান কার্যালয়ে কিছু নেতা-কর্মীদের কারণে যেতে পারেন না—এ অভিযোগের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়া বলেন, ‘আমিও দেখেছি গুলশান কার্যালয়ে অনেকেই থাকেন। আমি চাই না এঁরা থাকুক। এতে আমারও কাজের সমস্যা হয়।’ তৃণমূল নেতা-কর্মীদের খালেদা জিয়া বলেন, ‘আপনারা প্রথমে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। সেখানে অন্য নেতারা ও মহাসচিব যদি আপনাদের সমস্যা সমাধান করতে না পারেন, তবেই আপনারা গুলশান কার্যালয়ে আসবেন।’মনোনয়ন-বাণিজ্য ও টাকা দিয়ে দলের কমিটিতে পদ নেওয়া—এসব অভিযোগ সম্পর্কে তিনি বলেন, এসব বিষয়ে ভালোভাবে মনিটরিং করা হবে ও ভবিষ্যতে যেন এমন না হয় তা দেখা হবে। খালেদা জিয়া আরও বলেন, নির্বাহী কমিটির বৈঠকে যেসব সুপারিশ আসছে, সেগুলো বিবেচনা করা হবে।