বিএনপির কেন্দ্রীয় নেতাদের লালমোহনে ঢুকতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ আসনের উপনির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিপক্ষের বহিরাগত সন্ত্রাসী গ্রামে গ্রামে ঢুকে পড়েছে। গতকাল শুক্রবার লালমোহনে পৃথক সংবাদ সম্মেলনে দল দুটির পক্ষ থেকে এ অভিযোগ করা হয়।বিএনপি আশঙ্কা করেছে, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হবে না। অন্যদিকে আওয়ামী লীগের আশঙ্কা, বিএনপি ভোটের দিন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে পারে। তবে জনগণ তা সফল হতে দেবে না।এদিকে গতকাল সকালে ভোলা থেকে লালমোহনে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয় বিএনপির একটি প্রতিনিধিদল। দলের স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের নেতৃত্বে প্রতিনিধিদলটি বেলা সাড়ে ১১টার দিকে বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাটে পৌঁছালে র‌্যাব ও পুলিশ আটকে দেয়। তখন তাঁরা সড়কেই বসে পড়েন। সেখানে মওদুদ আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘আমরা নির্বাচন করব। নির্বাচনে কারচুপি হলে এখান থেকে সরকার পতনের আন্দোলন শুরু হবে।’ আরও বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, সাংসদ নজরুল ইসলাম, মজিবর রহমান সরোয়ার, শহীদউদ্দিন চৌধুরী, খায়রুল আলম প্রমুখ। সাংসদ রাশেদা বেগম, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও উপস্থিত ছিলেন।এ সময় দুই দিকের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী অবস্থানকালে কেন্দ্রীয় নেতা ও সাংসদদের সঙ্গে র‌্যাব-পুলিশের বাগিবতণ্ডা হয়। পরে নেতা-কর্মীরা সড়ক থেকে সরে পাশে স্কুলে গিয়ে বসেন। সন্ধ্যার দিকে তাঁরা ভোলা জেলা সদরে ফিরে যান।বিকেলে লালমোহনে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন কমিশন ও প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না। তার পরও তিনি নির্বাচনে যাচ্ছেন জনসমর্থন নিয়ে। তাঁর দাবি, ভোটাররা কেন্দ্রে আসতে পারলে তিনি জয়ী হবেন। হাফিজ দাবি করেন, এখনো আওয়ামী লীগের এক হাজার বহিরাগত সন্ত্রাসী রয়েছে। তাঁর কাছে খবর আছে, এসব সন্ত্রাসী ভোটের দিন কেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে ভোটারদের বাধা দেবে।আওয়ামী লীগের সংবাদ সম্মেলন: লালমোহনের শাহাবাজপুর সরকারি কলেজ মাঠে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ দাবি করেন, নির্বাচনী এলাকায় তিনি ছাড়া আওয়ামী লীগের আর কোনো বহিরাগত নেতা নেই। যারা ছিল, সবাই চলে গেছে। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, সমঝোতা হওয়ার পর হাফিজউদ্দিন কীভাবে এলাকায় বহিরাগতদের রাখার দাবি জানান। তা ছাড়া বহিরাগতদের পোলিং এজেন্ট রাখার সিদ্ধান্ত নিয়ে তিনি ঠিক করেননি। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশন যদি বহিরাগতদের পোলিং এজেন্ট করার বিষয়টি মেনে নেয়, তাহলে ভোটের দিন এদের নিয়ে কোনো সমস্যা তৈরি হলে কমিশনকে এর দায়দায়িত্ব নিতে হবে।ঢাকায় আ.লীগের সংবাদ সম্মেলনগতকাল ঢাকায় সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ভোলার উপনির্বাচনে বিএনপির প্রার্থী হেরে গেলে প্রকৃত অর্থে জয়ী হবেন তাঁর নেত্রী খালেদা জিয়া। খালেদা জিয়াও তাই চাইছেন।হানিফ বলেন, উপনির্বাচনকে বিতর্কিত করে বিএনপি আন্দোলনের পাঁয়তারা করছে। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়াকে বিঘ্নিত করতেই সরকার ও দেশকে অস্থিতিশীল করতে চায় তারা।ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে হানিফ অভিযোগ করে বলেন, ঢাকায় বসে গণমাধ্যমের সহায়তায় ভোলার নির্বাচনে উত্তাপ ও সহিংসতা ছড়ানোর চেষ্টা চলছে। বাস্তবে সেখানে কোনো উত্তাপ, সহিংসতা বা সন্ত্রাস নেই। তিনি বলেন, পরাজয় নিশ্চিত জেনেই হাফিজ নির্বাচন থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন। এ কারণে তিনি ভোট গ্রহণের মাত্র তিন দিন আগে নির্বাচন সাত দিন পেছানোর দাবি করেছেন। কিন্তু দলের উচ্চপর্যায়ের নির্দেশ শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে রয়ে গেছেন।রাজধানীর বিভিন্ন স্থানে বিএনপির কর্মসূচিতে ছাত্রলীগ-যুবলীগের হামলাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলে মন্তব্য করে হানিফ বলেন, এমনও হতে পারে, বিএনপি নিজেরাই হামলা চালিয়ে যুবলীগ-ছাত্রলীগের ওপর দোষ চাপাচ্ছে।ঢাকায় বিএনপির সংবাদ সম্মেলনগতকাল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন ও সন্ধ্যায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সংবাদ সম্মেলন করেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের নেতারা উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, ভোলার উপনির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে প্রহসনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। নজরুল ইসলাম খান বলেন, ২ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ভোলায় আওয়ামী লীগের হামলায় বিএনপির ১০৯ নেতা-কর্মী আহত হন। তিনি বলেন, ভোটকেন্দ্রে যাঁদেরকে এজেন্ট করা হয়েছে, তাঁদের মধ্যে তিনজনকে মারপিট করে কাগজ কেড়ে নিয়েছেন আওয়ামী লীগের কর্মীরা। এ অবস্থায় স্থানীয়ভাবে এজেন্ট পাওয়াই কঠিন হয়ে পড়েছে।