বিএনপির কেন্দ্রীয় নেতারাই ছাত্র-শ্রমিক দলের নেতৃত্বে
বিএনপির কেন্দ্রীয় নেতাদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে জাতীয়তাবাদী শ্রমিক দল ও ছাত্রদল। তা ছাড়া প্রবাসে দলের শাখার কার্যক্রমও চলছে আগের মতোই। বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারাই এখন এসব সংগঠনের গুরুত্বপূর্ণ পদে আছেন। বিএনপির কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নে এসব সংগঠন সরাসরি যুক্ত থাকছে। তার পরও কমিশন বিএনপির গঠনতন্ত্রকে আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে চিঠি দিতে যাচ্ছে।গণপ্রতিনিধিত্ব আদেশ আইনে (আরপিও) রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত হিসেবে বলা আছে, গঠনতন্ত্রে ছাত্র-শ্রমিক সংগঠনকে মূল দলের অঙ্গ বা সহযোগী রাখা যাবে না। প্রবাসে দলের শাখা বলেও কিছু থাকবে না। কিন্তু বিএনপি গঠনতন্ত্রে ছাত্র ও শ্রমিক দলকে রেখেছে সহযোগী সংগঠন হিসেবে। আর প্রবাসে দলের আদর্শে বিশ্বাসী সংগঠনও থাকবে বলে গঠনতন্ত্রে উল্লেখ করেছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান প্রথম আলোকে বলেছেন, ছাত্র ও শ্রমিক দল বিএনপির সহযোগী সংগঠন। গঠনতন্ত্রে প্রবাসে বিএনপির আদর্শে বিশ্বাসীদের সংগঠন করার বিষয়টি রাখা হয়েছে। সেভাবেই বিএনপি কাজ করছে।বিএনপির একজন নেতা জানান, ছাত্র ও শ্রমিক দল বিএনপির তত্ত্বাবধানেই চলবে। আর প্রবাসী শাখা বিলুপ্ত করার পরিবর্তে সেখানকার শাখাগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। শ্রমিক ও ছাত্রদলের বর্তমান কমিটি বিএনপির চেয়ারপারসনের অনুমোদনেই হয়েছে। প্রবাসী শাখাগুলোরও একই অবস্থা। বিএনপির গঠনতন্ত্র সংশোধন-সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ছাত্র বা শ্রমিক সংগঠন দুটি সহযোগী সংগঠনের ধারায় অন্তর্ভুক্ত আছে। বিএনপির নেতারা ব্যক্তিগতভাবে ওই সব সংগঠনের সঙ্গে যুক্ত আছে। আর প্রবাসীরা বিএনপির নামে শাখা করে কার্যক্রম পরিচালনা করলে নির্বাচন কমিশনের কী বলার থাকতে পারে। কেননা ওই সংগঠনগুলো তো সংশ্লিষ্ট দেশের আইন অনুযায়ী চলছে। তিনি বলেন, প্রবাসে এসব সংগঠন বিলুপ্ত করার কোনো কারণ নেই। নির্বাচন কমিশনের আইন শাখার এক কর্মকর্তা জানান, আইন অনুযায়ী এই সংগঠনগুলোর ব্যাপারে গঠনতন্ত্রে কোনো কিছুই থাকার কথা নয়। তবে বিএনপির এই গঠনতন্ত্র কমিশন মেনে নিয়েছে। একই ধরনের সমস্যা ক্ষমতাসীন আওয়ামী লীগের গঠনতন্ত্রেও আছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপি গঠনতন্ত্রে এসব সংগঠনকে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হওয়ার কথা বলেছে। প্রবাসীরা সেই দেশের আইন অনুযায়ী চলবে, তাই উল্লেখ করেছে। এসব কারণে কমিশন মনে করেছে, গঠনতন্ত্র আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে। তিনি জানান, গঠনতন্ত্র যাচাই-বাছাই কমিটি এটা দেখছে। পরে এ বিষয়গুলো খতিয়ে দেখা হবে।ছাত্রদল বিএনপিরই সংগঠন: বিএনপি ছাত্রদলকে এখন নিজ দলের সংগঠন বলেই দাবি করছে। গত ১৭ ফেব্রুয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ছাত্রদলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাত্রদলকে বিএনপির সংগঠন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিএনপির ছাত্রসংগঠন ছাত্রদলের সঙ্গে আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের পার্থক্য রয়েছে। ছাত্রলীগ যা করে, ছাত্রদল তা করে না।’ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন বিএনপির নির্বাহী কমিটির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। সংগঠনের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন সদস্য হিসেবে।তা ছাড়া ছাত্রদল বিএনপির যৌথ সভায় নিয়মিত অংশ নিচ্ছে। বিএনপির ঘোষিত কর্মসূচিও তারা পালন করছে। সংগঠনের কার্যক্রমও পরিচালিত হচ্ছে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। শ্রমিক দলের প্রধান পদগুলোতে বিএনপির নেতারা: শ্রমিক দলের সভাপতি পদে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাধারণ সম্পাদক জাফরুল হাসান শ্রমিকবিষয়ক সম্পাদক ও জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কাশেম দলের নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। সক্রিয় প্রবাসী শাখা: প্রবাসে দলের শাখাগুলো নানা কর্মসূচি পালন করছে। প্রবাসী শাখার এসব কর্মসূচি বিএনপির কাছে প্রতিবেদন হিসেবে নিয়মিত পাঠানোও হচ্ছে। যুক্তরাজ্য শাখা বিএনপির সভাপতি কামরুদ্দিন আহমেদ বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদকও নির্বাচিত হয়েছেন।বিএনপি সূত্র জানায়, দলের প্রবাসী শাখাগুলোকে আরও সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য নির্বাহী কমিটির আকার বাড়িয়ে বিভিন্ন দেশের শাখা বিএনপির সক্রিয় নেতাদের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির পরিকল্পনা আছে।বিএনপির গুলশান কার্যালয়ে পাঠানো প্রতিবেদন থেকে দেখা যায়, জিয়াউর রহমানের লাশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন এমন অভিযোগে গত ২৮ জানুয়ারি অস্ট্রেলিয়া থেকে বিএনপির নেতারা একটি বিবৃতি পাঠান। এই বিবৃতির একটি অনুলিপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়েও পাঠানো হয়। সেখানে বিবৃতিদাতাদের বিএনপির অস্ট্রেলিয়া শাখার আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে। জিয়ার লাশ নিয়ে সংসদে কটূক্তির ঘটনায় তাঁরা অস্ট্রেলিয়ায় কর্মসূচিও পালন করেছেন। সৌদি আরবে জুবাইল প্রাদেশিক বিএনপির শাখা গত ১৭ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের প্রতিবাদে কর্মসূচি পালন করে। যুক্তরাজ্য, কানাডা, যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড শাখা বিএনপির ব্যানারেও একই কর্মসূচি পালিত হয়েছে।