বিএনপির কেন্দ্রে বিভক্তি, প্রভাব পড়ছে তৃণমূলে
বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে কোন্দলের খবর নতুন নয়। গত মাসে দলটির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তা নতুন মাত্রা পেয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের এই কোন্দল-বিভক্তির প্রভাব পড়েছে সাধারণ নেতা-কর্মীদের মধ্যেও। ফলে বিগত তত্ত্বাবধায়ক সরকার আমল ও ২০০৮ সালের নির্বাচনের পর বিপর্যস্ত দলটি গত আড়াই বছরেও সাংগঠনিকভাবে উঠে দাঁড়াতে পারেনি।তা ছাড়া দলকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে এগিয়ে নিতে কেন্দ্রীয় নেতাদের কাউকে এগিয়ে আসতেও দেখা যায়নি। অভিযোগ আছে, কেন্দ্রীয় নেতাদের বেশির ভাগই দলীয় প্রধানের সুনজরে থাকার চেষ্টা-তদবিরে ব্যস্ত থাকেন। এর বাইরে তাঁরা ঘরোয়া সভা-সেমিনার বা টেলিভিশনের ক্যামেরার সামনে বক্তব্য দেওয়ার ব্যাপারে যতটা সক্রিয়, সংগঠনকে এগিয়ে নেওয়া বা মাঠপর্যায়ে দলকে সংগঠিত করতে ততটা সক্রিয় নন। দলের মাঠপর্যায়ের অনেকে এটিকে একটি সংকট হিসেবে দেখছেন।এ ছাড়া দলটির তৃণমূলেও রয়েছে নেতৃত্বের সংকট। ঢাকা মহানগর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ, রংপুর, পিরোজপুর, পটুয়াখালী, সুনামগঞ্জ ও জয়পুরহাটসহ ১৫টি জেলায় কমিটি নেই। চট্টগ্রাম, সিলেট ও বরিশালে পূর্ণাঙ্গ কমিটি নেই। আবার অনেক জেলা-উপজেলায় পাল্টাপাল্টি কমিটি হয়েছে। এসব কারণে অনেক জেলা-উপজেলায় দলীয় কর্মসূচিও সব সময় পালিত হচ্ছে না।বিএনপির নেতারা এখন বলছেন, মহাসচিব পদ নিয়ে নতুন করে দলাদলি শুরু হয়েছে। ফলে সাংগঠনিক পুনর্গঠন ও সরকারবিরোধী কার্যকর আন্দোলন গড়ে তোলা আরও কঠিন হয়ে পড়েছে বলে অনেক নেতা মনে করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, দল পুনর্গঠন ও সাংগঠনিক শক্তি বাড়ানোই এখন বিএনপির মূল চ্যালেঞ্জ। এ নিয়ে সবাই কাজ করছে। দলের সাংগঠনিক অন্যান্য দুর্বলতা শিগগিরই কেটে যাবে বলে মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করেন। তাঁর নেতৃত্বে গত শুক্রবার রাতেও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের সাংগঠনিক কমিটির একটি বৈঠক হয়। বৈঠকে ঢাকা মহানগর কমিটি গঠন করতে না পারার বিষয়টি আলোচিত হয় বলে জানা যায়। অবশ্য মির্জা ফখরুল জানান, অচিরেই ঢাকা মহানগরসহ সব কমিটি গঠনের কাজ শেষ হবে।মহাসচিব পদ নিয়ে সক্রিয় তিনটি পক্ষ: মহাসচিব পদ নিয়ে বিএনপিতে তিনটি পক্ষ সক্রিয়। একটি পক্ষ চায় মির্জা ফখরুল মহাসচিব হোক। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন নিজেই মহাসচিব পদের জন্য আগ্রহী। তাঁর জন্য একটি পক্ষ তৎপর আছে। আর প্রয়াত খোন্দকার দেলোয়ারের অনুসারী নেতারা চাইছেন তাঁদের পক্ষের কাউকে মহাসচিব করা হোক। এ পক্ষের মধ্যে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, রুহুল কবির রিজভী অন্যতম। এসব নেতা মির্জ ফখরুলকে মহাসচিব করার একেবারে বিপক্ষে বলে জানা গেছে। দলীয় সূত্রগুলো জানায়, খালেদা জিয়া ও তারেক রহমানের পছন্দের তালিকায় আছেন মির্জা ফখরুল। কিন্তু দলের সর্বশেষ স্থায়ী কমিটির বৈঠকে কিছু নেতার বিরোধিতার কারণে মহাসচিব পদে কাউকে নিয়োগ দেওয়ার চেষ্টা থেকে সরে আসেন চেয়ারপারসন খালেদা জিয়া। এর পরিবর্তে মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। যদিও দলটির গঠনতন্ত্রে ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো পদ নেই।সফল হয়নি জেলা-উপজেলায় ঢেলে সাজানোর কার্যক্রম: খালেদা জিয়ার উপস্থিতিতে গত বছরের ৩১ জুলাই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় জেলা-উপজেলা পর্যায়ে দলকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত হয়। এর অংশ হিসেবে কার্যালয় স্থাপন, ফোন-ফ্যাক্স দেওয়া, নেতা-কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করাসহ ২৬ দফা অঙ্গীকার বাস্তবায়নের কথা ছিল। কিন্তু বেশির ভাগ সাংগঠনিক ইউনিটে এখন পর্যন্ত কার্যালয় স্থাপন করা সম্ভব হয়নি। সম্প্রতি দলের কেন্দ্রীয় কার্যালয়ে যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের এক বৈঠকে এ কথা জানানো হয়। বিএনপির কয়েকটি জেলা শাখার সভাপতি প্রথম আলোকে জানান, নির্বাহী কমিটির আগামী বৈঠকে অঙ্গীকার বাস্তবায়নে এই ব্যর্থতার কথা তুলে ধরা হবে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের নিজ নিজ এলাকায় থাকার ব্যাপারে কেন্দ্র থেকে বলা হলেও বেশির ভাগ নেতা এলাকায় থাকেন না। বিষয়টি কেন্দ্র থেকে এখন আর পর্যবেক্ষণও করা হচ্ছে না।তবে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান বলেন, বিএনপি একটি বড় দল। সবকিছু ঠিকমতো হবে এমনটা নয়। তবে কাজ চলছে।এগোচ্ছে না কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ: বর্তমান সরকারের সময় বিএনপির ডাকা কয়েকটি হরতাল ও গুরুত্বপূর্ণ কর্মসূচিতে রাজপথে বিএনপির নেতাদের উপস্থিতি ছিল না বললেই চলে। কেন্দ্রীয় পর্যায়ের এমন নিষ্ক্রিয়তা তৃণমূলের নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। কর্মসূচি দিয়ে মাঠে না নামা নিয়ে সমালোচনার মুখে পড়েন অনেক কেন্দ্রীয় নেতা। গত নভেম্বরে স্থায়ী কমিটির এক বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়াও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। দলীয় একাধিক সূত্র জানায়, ওই বৈঠকে খালেদা জিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনের কথাও বলেছিলেন। ৩৮৬ সদস্যের কেন্দ্রীয় কমিটির নিষ্ক্রিয় সদস্যদের বাদ দেওয়ার বিষয়টিও তখন আলোচনায় আসে। এ ব্যাপারে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তা করতে পারেনি দলটি।সিদ্ধান্ত বাস্তবায়ন হয় না: ২০০৯ সালের আগস্টে এক কোটি সদস্য সংগ্রহের লক্ষ্য সামনে নিয়ে বিএনপি ঘটা করে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করে। তখন সিদ্ধান্ত হয়, সদস্যদের নাম একটি তথ্যভান্ডারে (ডেটাবেইস) রাখা হবে। কিন্তু সেটা আর হয়নি। বিএনপির সিদ্ধান্ত ছিল, ২০০৯ সালের নভেম্বরের মধ্যে সব জেলা কমিটি গঠনের কাজ শেষ করবে। পরে সময়সীমা কয়েক দফা বাড়ানো হয়। কিন্তু এখন পর্যন্ত সব জেলা কমিটি হয়নি। উপজেলা শাখাসহ ও অন্যান্য সাংগঠনিক কমিটির বেশির ভাগই চলছে কমিটি ছাড়া। দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন পুনর্গঠনের কাজও খুব একটা এগোয়নি। জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, মহিলা দল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি নিয়ে রয়েছে ব্যাপক মতবিরোধ।জানা গেছে, দলটির কর্মসূচিগুলোও সব জেলায় পালিত হয় না। কোনো কোনো কর্মসূচি শুধু ১৫ থেকে ২০টি জেলায় পালিত হয়েছে। এমন খবর দলটির কেন্দ্রীয় দপ্তরেও রয়েছে।তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দাবি করেন, বিএনপি এখন অনেক সংগঠিত। তাঁর অভিযোগ, সরকারের অগণতান্ত্রিক আচরণও বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিএনপি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিগুলো পালন করতে পারছে না। সরকার নিজ দলীয় সন্ত্রাসীদের ছেড়ে দিচ্ছে। তাদের কারণে বিএনপির নেতা-কর্মীদের অনেকেই এলাকায় থাকতে পারছেন না। এসব প্রতিকূলতার কারণে সব কাজ সময়মতো হচ্ছে না।