বিএনপির খায়রুল কবির গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যার ঘটনায় বিএনপির নরসিংদী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে বিএনপি গতকাল বুধবার ঢাকায় সংবাদ সম্মেলন করে খায়রুল কবিরের মুক্তির দাবি করে। বিএনপির দাবি, ‘আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে লোকমান খুন হয়েছেন। এর সঙ্গে খায়রুল কবিরের সম্পৃক্ততা নেই।’ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত উপকমিশনার এস এম মেহেদী হাসান প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ডিবির সহায়তায় নরসিংদীর পুলিশ রাজধানীর খিলগাঁওয়ের ভাড়া বাসা থেকে খায়রুল কবিরকে আটক করে। এই বাসায় তিনি সপরিবারে থাকেন। আটকের পর তাঁকে নরসিংদীতে নিয়ে যাওয়া হয়।খায়রুল কবিরের স্ত্রী ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা সাংবাদিকদের বলেন, তাঁর স্বামী মঙ্গলবার রাত ১২টার দিকে নরসিংদীর গুলিবিদ্ধ মেয়র লোকমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখান থেকে বাসায় এসে ঘুমিয়ে ছিলেন। রাত পৌনে তিনটার দিকে সাদা পোশাকের পুলিশ বাসায় আসে। তিনি বলেন, ‘আমি তাদের বলি, খোকনের বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁকে কেন নিয়ে যাবেন? পুলিশ বলে, কোনো অসুবিধা নেই। জিজ্ঞাসাবাদ করে তাঁকে সকালে ছেড়ে দেওয়া হবে।’গতকাল নরসিংদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পৌর মেয়র লোকমান হত্যা মামলায় জড়িত সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় খায়রুল কবিরকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং গতকালই তাঁকে আদালতের মাধ্যমে নরসিংদীর কারাগারে পাঠানো হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল এক বিবৃতিতে খায়রুল কবিরকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘অভ্যন্তরীণ হানাহানিতে বিপর্যস্ত আওয়ামী লীগ সরকার মিথ্যা অভিযোগে বিএনপি নেতাদের গ্রেপ্তার ও নির্যাতনের নিষ্ঠুর খেলায় মেতে উঠেছে।’ মির্জা ফখরুল অবিলম্বে খায়রুল কবিরের মুক্তির দাবি করেন।বিএনপির সংবাদ সম্মেলন: গতকাল সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগের নেতা লোকমান দলীয় কোন্দলে নিহত হয়েছেন। সরকার এখন উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। তিনি খায়রুল কবিরের মুক্তির দাবি করে বলেন, নরসিংদীর আওয়ামী লীগের কর্মীরাই মেয়র লোকমান হত্যার জন্য ডাক ও টেলিযোগাযোগমন্ত্রীকে দোষারোপ করছে।প্রথম আলোর মানিকগঞ্জ সংবাদদাতা জানিয়েছেন, লোকমান হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানিকগঞ্জ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন করেছেন। এতে পৌরসভার মেয়র মো. রমজান আলী বক্তব্য দেন। এ ছাড়া পৃথক বিবৃতিতে খায়রুল কবিরকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী যুবদল ও শ্রমিক দল।