বিএনপির খুলনা বিভাগীয় রোডমার্চ ২৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। ২৬ ও ২৭ নভেম্বর এই রোডমার্চ হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চারদলীয় ঐক্যজোটের আহ্বানে এই রোডমার্চ অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খুলনা বিভাগীয় রোডমার্চ কর্মসূচি বাস্তবায়ন কমিটির এক সভায় এ কর্মসূচি চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও খুলনা রোডমার্চ কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম। সভা শেষে তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দুই দিনের ওই রোডমার্চে তিনটি পথসভা ও দুটি জনসভায় বক্তব্য দেবেন বেগম খালেদা জিয়া। জনসভা দুটি হবে কুষ্টিয়া ও খুলনায়।তরিকুল ইসলাম বলেন, ২৬ নভেম্বর ঢাকা থেকে সকাল ১০টায় গাড়ির বহর নিয়ে কুষ্টিয়া অভিমুখে রওনা হবেন বিএনপির চেয়ারপারসন। এই পথে পাবনার দাশুরিয়ায় পথসভা করবেন তিনি। এরপরই বিকেলে কুষ্টিয়া স্টেডিয়ামে জনসভা হবে। কুষ্টিয়া থেকে যশোর যাওয়ার পথে রাতে ঝিনাইদহে পথসভা করার কর্মসূচিও রয়েছে খালেদা জিয়ার।যশোর রাতযাপন শেষে পরদিন ২৭ নভেম্বর সকালে খালেদা জিয়া যশোরে পথসভা করে সরাসরি বাগেরহাটের খানজাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করতে যাবেন। বাগেরহাট থেকে খুলনা সার্কিট হাউস মাঠে বিকেলে চারদলের জনসভায় বক্তব্য দেবেন তিনি। কুমিল্লায় ইভিএম ব্যবহার না করতে ইসিকে চিঠি দেবে বিএনপি: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বন্ধে নির্বাচন কমিশনকে শিগগিরই চিঠি দেবে বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেলে খায়রুল কবির খোকনসহ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। খায়রুল কবির নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন হত্যার অভিযোগে গ্রেপ্তার হন এবং ১৩ নভেম্বর জামিনে মুক্তি পান।মির্জা আলমগীর বলেন, ‘আমরা প্রথম থেকেই ইভিএম সম্পর্কে আপত্তি দিয়ে আসছি।’ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হলে তাতে বিএনপি অংশ নেবে কি না, তা দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া বলেও জানান তিনি। লোকমান হত্যা মামলায় টেলিযোগাযোগমন্ত্রীর ভাইসহ তিন আসামি উচ্চ আদালতে জামিন নাকচ হওয়ার পরও পুলিশ তাদের গ্রেপ্তার না করায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার দ্বৈতনীতি অনুসরণ করছে। বিরোধী দলের নেতা-কর্মী হলে আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়। কিন্তু সরকারি দলের সদস্য হওয়ায় পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল-নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান নাজমুল হুদার: দেশের বর্তমান জাতীয় সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা। তিনি বলেন, প্রধানমন্ত্রী আলোচনায় বসতে না চাইলেও তাঁকে বসতে বাধ্য করতে হবে। গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘৭ নভেম্বর ও শহীদ জিয়া’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট।