বিএনপির গণমিছিল কাল, বাধা দেবে না পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ দফা দাবিতে বিএনপি কাল সোমবার গণমিছিল করছে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিকেল তিনটায় পল্টন ময়দান থেকে এই মিছিলের নেতৃত্ব দেবেন।নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, গ্যাস-বিদ্যুত্-পানিসমস্যার সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদ, কারাবন্দী নেতাদের মুক্তি, বিএনপির নেতা চৌধুরী আলমকে জনসম্মুখে হাজির করাসহ ১৩ দফা দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে।বিএনপি সূত্র জানায়, মিছিলটি পল্টন ময়দান থেকে শুরু হয়ে কাকরাইল, শান্তিনগর এলাকা দিয়ে মগবাজারে এসে শেষ হবে। আজ রোববার সকালে মিছিল কর্মসূচির জন্য পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে কর্মসূচির প্রচারের জন্য আজও বিএনপি মাইক ব্যবহারের অনুমতি পায়নি।বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে তাতে বাধা দেওয়া হবে না বলে পুলিশ জানিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শহিদুল হক প্রথম আলোকে জানান, কর্মসূচি পালনে কোনো ধরনের বাধা দেওয়া হবে না। মিছিলকে ঘিরে যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে না পারে, সেদিকে লক্ষ রাখা হবে।এর আগে গত ৭ জুলাই দেশব্যাপী বিএনপির মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন অভিযোগ এনে পুলিশ কর্মসূচিতে বাধা দেয়। কোথাও কোথাও লাঠিচার্জও করে।অনুমতি পাওয়ার পর আজ দুপুরে বিএনপির নেতারা পল্টন ময়দান পরিদর্শন করেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, শেষ মুহূর্তে সরকার পল্টন ময়দান ব্যবহারের অনুমতি দিয়েছে। মাঠের প্রায় তিন ভাগ জায়গায়ই ব্যবহারের অনুপযোগী। তিনি ক্রীড়া পরিষদকে মাঠটি ব্যবহারের উপযোগী করে তোলার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপির গণসংযোগকাজে সরকারদলীয় ব্যক্তিরা বাধা দিচ্ছেন। বিএনপির নেতা সাদেক হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রহুল আলম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।