নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ঈদুল আজহার পর ‘কঠোর আন্দোলনে’ যাওয়ার ঘোষণা দিলেও সে ধরনের কোনো সাংগঠনিক প্রস্তুতি বা তৎপরতা নেই প্রধান বিরোধী দল বিএনপির। এমনকি আন্দোলন কর্মসূচির ধরন কেমন হবে, তা নিয়েও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দলটি। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, আন্দোলনের ধরন নিয়ে দলটির শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে মতভিন্নতা রয়েছে। এর মধ্যে ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নীতিনির্ধারণী পর্যায়ের একাংশের নেতারা বরাবরই বলে আসছেন, তাঁদের আন্দোলন হবে শান্তিপূর্ণ। কোনো রকম হরতাল, অবরোধ বা সংঘাত-সহিংসতার মতো পথে যাবেন না তাঁরা। এই অংশের নেতারা মনে করছেন, বিদেশি কূটনীতিকদের চাপে পড়ে শেষ মুহূর্তে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে বাধ্য হবে শেখ হাসিনার সরকার। এ জন্য তাঁরা কূটনীতিক মহলে যোগাযোগ বৃদ্ধিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। আবার বিএনপির কেন্দ্রীয় নেতাদের আরেক অংশ মনে করে, রাজপথে শক্তি প্রদর্শন করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলন ও কূটনীতিকদের ওপর ভরসা করে থাকলে দাবি আদায় বা ক্ষমতায় যাওয়া কখনোই সম্ভব হবে না।জানতে চাইলে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া প্রথম আলোকে বলেন, ‘রাজপথে শক্ত আন্দোলন নিয়ে অবস্থান নিতে না পারলে অতীতে এখানে কোনো পরিবর্তন আসেনি। সরকারের যে অবস্থান, তাতে এত সহজে শেখ হাসিনা দাবি মেনে নেবেন; এটা বিশ্বাস করার কোনো কারণ আছে বলে মনে করি না।’ এদিকে এই মতভিন্নতার বিষয়টি সাম্প্রতিক সময়ে দলীয় সভা-সমাবেশে নেতাদের বক্তৃতায়ও প্রকাশ পেয়েছে। ‘শান্তিপূর্ণ’ নাকি ‘কঠোর’ আন্দোলন এ বিষয়ে গত শুক্রবার রাজধানীর খিলগাঁওয়ে ১৮ দলীয় জোটের জনসভায় ভিন্ন ভিন্ন ইঙ্গিত পাওয়া যায় বিএনপির স্থায়ী কমিটির দুই সদস্য মওদুদ আহমদ ও মির্জা আব্বাসের বক্তব্যে। কঠোর কর্মসূচির ওপর গুরুত্বারোপ করে মির্জা আব্বাস বলেন, ‘অনেকে ভাবছেন, শেখ হাসিনা একটা নির্বাচন দিলেই আমরা জিতে যাব। যাঁরা এটা ভাবেন, তাঁদের মনে রাখতে হবে, হাসিনা এমন নির্বাচন দেবেন না, যে নির্বাচনে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হবেন।’ আর মওদুদ আহমদ নেতা-কর্মীদের ‘ধৈর্য ধরার’ আহ্বান জানান। তিনি বলেন, ‘সরকারের ব্যর্থতা ও ভুলে এমন অবস্থার সৃষ্টি হবে যে গণজোয়ারের মুখে সংবিধান সংশোধন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। আমাদের সংঘাতের পথে যেতে হবে না।’জানতে চাইলে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, আন্দোলনের বিভিন্ন পর্যায় আছে। কেবল জ্বালাও-পোড়াও কঠোর আন্দোলন নয়। এমন কর্মসূচি জনগণ চায় না। তাঁর দাবি, ‘আমরা এমন শান্তিপূর্ণ কর্মসূচি দেব, যা হরতালের চেয়েও বেশি কার্যকর হবে।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৬ অক্টোবর সিলেটের হবিগঞ্জে ১৮ দলীয় জোটের জনসভায় ঈদের পর কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন। ঈদের পর খালেদা জিয়া ভারত সফর শেষে দেশে ফেরার পর স্থায়ী কমিটির বৈঠকে আন্দোলনের কর্মসূচি ঠিক করা হবে বলে সর্বশেষ দলীয় সূত্র থেকে জানা গেছে।আন্দোলনে নামার প্রস্তুতি নিতে এর আগে গত সেপ্টেম্বর মাসে ৭৬টি সাংগঠনিক জেলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের কর্মিসভা ও জনসভার কর্মসূচি দেওয়া হয়। কিন্তু বিএনপির অভ্যন্তরীণ বিরোধসহ নানা কারণে ৫০টির বেশি স্থানে সভা করতে পারেনি। ঈদুল আজহার আগে রাজধানী ঢাকার আটটি এলাকায় জনসভা করার কর্মসূচি নেওয়া হলেও ২১ অক্টোবর পর্যন্ত মাত্র তিনটি জনসভা করতে পেরেছে।তারও আগে গত রমজান মাসকে সাংগঠনিক মাস হিসেবে ঘোষণা করেছিল বিএনপি। ওই সময়ের মধ্যে যেসব জেলায় পূর্ণাঙ্গ কমিটি নেই, সেগুলো সম্পন্ন করার কথা ছিল। কিন্তু বাস্তবে তা হয়নি। ঢাকা মহানগরের কমিটিও করতে পারেনি দলটি। সাংগঠনিক মাসে শুধু কয়েকটি কমিটি পুনর্গঠন, বিভিন্ন অঙ্গসংগঠনের সঙ্গে খালেদা জিয়ার কয়েকটি মতবিনিময় সভা আর ইফতার মাহফিলেই সীমাবদ্ধ ছিল দলের কর্মকাণ্ড।তবে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, ‘আমরা আন্দোলনের মধ্যেই আছি এবং আগামীতে কঠোর আন্দোলনের জন্যও প্রস্তুতি আছে।’বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা মনে করেন, আন্দোলন চাঙা করতে হলে ঢাকা মহানগর কমিটি গঠন করাসহ যুবদলের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করতে হবে। ইতিমধ্যে ছাত্রদলের নতুন কমিটি হয়েছে। এরপর ছাত্রদল কিছুটা তৎপরতা দেখাচ্ছে। তবে এ কমিটির ওপর দলের একটি অংশের প্রভাব নিয়ে নানা কথা আছে। আর, ছাত্ররাজনীতির কেন্দ্রবিন্দু মনে করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে। কিন্তু ছাত্রদলের নতুন কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় কমিটির নেতারা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেতেই পারেননি।