বিএনপির চট্টগ্রাম জয়
নির্বাচন কমিশন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মন্জুর আলমকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেছে। তিনি প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর চেয়ে ৯৫ হাজার ৫২৮ ভোট বেশি পেয়েছেন। মন্জুর (আনারস) পেয়েছেন চার লাখ ৭৯ হাজার ১৪৫ ভোট। মহিউদ্দিন চৌধুরী (জাহাজ) পেয়েছেন তিন লাখ ৮৩ হাজার ৬১৭ ভোট।রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামের অস্থায়ী নিয়ন্ত্রণকক্ষে এই ফল ঘোষণা করেন। তিনি একই জায়গায় বিকেলে ঘোষণা করেন ৪১ জন ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত আসনের ১৪ জন নির্বাচিত মহিলা কাউন্সিলরের নাম।দলীয় পরিচয় বিবেচনায় দেখা গেছে, ৪১ জনের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত ২০ জন, বিএনপি-সমর্থিত ১৭ জন ও জামায়াত-সমর্থিত দুজন নির্বাচিত হয়েছেন। বাকি দুজন স্বতন্ত্র।অবশ্য নির্বাচন কমিশনের ঘোষণায় মেয়র কিংবা কাউন্সিলর পদে শুধু প্রার্থীর নাম ও প্রাপ্ত ভোটের হিসাব দেওয়া হয়। নির্দলীয় নির্বাচন হওয়ায় বিজয়ীরা কোন দলের নেতা কিংবা কর্মী, তার কোনো তথ্য দেওয়া হয়নি।২০০৫ সালের নির্বাচনে ৪১ ওয়ার্ডের মধ্যে ২৯টিতে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলররা নির্বাচিত হন। তখন ১১টিতে বিএনপি ও একটিতে জামায়াত জয় পেয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে ভরাডুবির পর এবার ১৭ জুন অনুষ্ঠিত সিটি নির্বাচনের ফলাফলকে বিএনপির চট্টগ্রাম জয় হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।ফল ঘোষণার আগে বৃহস্পতিবার রাতভর শহরে উত্তেজনা থাকলেও গতকাল পরিস্থিতি ছিল তুলনামূলক শান্ত। তবে আগের রাতের সংঘর্ষের কারণে জনমনে আতঙ্ক ছিল। ফলে গতকাল শহরে খুব কমসংখ্যক যানবাহন দেখা গেছে। বিজয়ী প্রার্থীর সমর্থকেরা আনন্দ শোভাযাত্রাও বের করেননি। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি সিকান্দর খান প্রথম আলোকে বলেন, মহিউদ্দিন চৌধুরী একমাত্র ব্যক্তি, যাঁর জন্য আওয়ামী লীগের এই ভরাডুবি ঘটল। তিনি বলেন, “মহিউদ্দিন চৌধুরী ‘তুই কন, তুই বয় (তুমি কে, তুমি বসো)’ বলে দলের মধ্যে কোনো নেতা সৃষ্টি করতে দেননি। আবার নির্বাচনে দলের মধ্যে বিভাজন সৃষ্টি করে দিয়ে এবার অনেক দলীয় কাউন্সিলরের বিজয় নস্যাৎ করেছেন।”দলীয় সূত্র জানায়, এবার ৩৬টি ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী ছিল। যে কারণে তাঁদের অন্তত ১০টি ওয়ার্ডের কর্তৃত্ব হারাতে হয়েছে। একইভাবে ২৫টি ওয়ার্ডে বিএনপিরও একাধিক প্রার্থী ছিল। পুরোনো কাউন্সিলরদের মধ্য থেকে দুই দলের ১৭ জন বিভিন্ন ওয়ার্ড থেকে পুনরায় নির্বাচিত হন।বিএনপির নগর কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপির ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং মহিউদ্দিন চৌধুরীর নেতিবাচক কর্মকাণ্ড দলীয় মেয়র ও কাউন্সিলরদের বিজয়ে সহায়ক হয়েছে।গতকাল ফল ঘোষণার সময় মন্জুর আলমের প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। তবে নাগরিক কমিটির প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে কাউকে দেখা যায়নি।কমিশনের ঘোষণা অনুযায়ী, নির্বাচনে মেয়র পদে মোট ভোট পড়েছে নয় লাখ ২০ হাজার ৪১৭। ভোট পড়ার হার ৫৪ দশমিক ৫ শতাংশ। মোট ভোটার ১৬ লাখ ৮৮ হাজার ৬৭৭। ভোট নষ্ট হয়েছে ৩৫ হাজার ৩৫১টি। মোট বৈধ ভোটের সংখ্যা আট লাখ ৮৫ হাজার ৬৬। অন্য মেয়র প্রার্থীরা: মেয়র পদে অপর ছয় প্রার্থীর মধ্যে মোফাজ্জল হোসেন চৌধুরী আট হাজার ৮১৩ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। জানে আলম এক হাজার ৯৫১, মো. ইব্রাহিম দুই হাজার ২৬৭, রফিকুল আলম ছয় হাজার ৫২১, সোলায়মান আলম শেঠ দুই হাজার ৮৩ এবং সৈয়দ সাজ্জাদ জোহা ৬৬৯ ভোট পান।বৃহস্পতিবার সারা দিন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হলেও রাতে ফলাফল নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়ে। ফল ঘোষণার একপর্যায়ে রাত ১১টার দিকে নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের বাইরে বিএনপি-সমর্থিত প্রার্থী মন্জুর আলমের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর কর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। ফল ঘোষণা বিলম্বিত হওয়ায় শহরে নানা রকম গুজব ছড়াতে থাকে।এ সময় বিএনপির কর্মীরা সেখানে ফুটপাতের দুটি দোকান, তিনটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে চার পুলিশসহ ১০ জন আহত হন। শহরের বিভিন্ন স্থানে বিএনপির কর্মীরা অবস্থান নেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করে এবং কাঁদানে গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে।মামলা: নগরের এম এ আজিজ স্টেডিয়াম থেকে শুরু করে আশকার দীঘিরপাড় পর্যন্ত আধাকিলোমিটার এলাকায় বৃহস্পতিবার রাতের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত আট-নয় শ লোককে আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট হেমায়েত উদ্দিন বাদী হয়ে গতকাল রাতে এ মামলা করেন। সরকারি লোকজনকে কাজে বাধা দেওয়া, জখম, অগ্নিসংযোগ ও ক্ষতিসাধনের অভিযোগে এ মামলা করা হয়।মামলা প্রসঙ্গে নগর পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার কাজী হেলালউদ্দীন প্রথম আলোকে বলেন, আসামিদের কোনো নাম-পরিচয় জানা নেই। তবে তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।