বিএনপির চার নেতার জামিনে মুক্তি
হরতাল চলাকালে ককটেল বিস্ফোরণ ও গাড়ি পোড়ানোর ঘটনায় করা মামলায় বিএনপির চার নেতা আজ বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।মুক্তি পাওয়া নেতারা হলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, সদস্য রাসেল আহাম্মেদ ও ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম ওবায়দুল হক।কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছাত্রদলের চার নেতার জামিননামা আদালত থেকে গতকাল মঙ্গলবার রাতে কাশিমপুর কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে আজ সকাল সাড়ে ১০টায় তাঁদের মুক্তি দেন। মুক্তি পাওয়ার পর কারাফটকে এই চার নেতাকে দলের বিভিন্ন নেতা-কর্মীরা ফুল দিয়ে অভিনন্দন জানান।কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক মো. আবদুল রাজ্জাক চার নেতার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।