বিএনপির চিঠির প্রতিটি লাইনের জবাব দেওয়া যেত: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) সম্পর্কে বিএনপি যেসব অভিযোগ করেছে, তা ভিত্তিহীন। তারা কমিশনকে যে চিঠি দিয়েছে, তার প্রতিটি লাইনের জবাব দেওয়া যেত। কিন্তু জবাব দিলে বিতর্ক তৈরি হতো। ইসি কারও সঙ্গে বিতর্কে জড়াতে চায় না। ন্যাশনাল আওয়ামী পার্টির (বাংলাদেশ ন্যাপ) সঙ্গে অনুষ্ঠিত নির্বাচনী আইন সংস্কারবিষয়ক সংলাপে গতকাল বৃহস্পতিবার সিইসি এ কথা বলেন। তিনি জানান, বিএনপি চাইলে আগামী ৭ আগস্টের আগে যেকোনো সময় ইসির সঙ্গে সংলাপে বসতে পারে। তাদের জন্য কমিশনের দরজা খোলা। এ টি এম শামসুল হুদা বলেন, ‘বিএনপি নির্বাচন কমিশনকে বিতর্কিত আখ্যা দিয়ে যে চিঠি পাঠিয়েছে, তার যথাযথ উত্তর দিতে চেয়েছিলাম। পয়েন্ট আকারে খসড়াও লিখে রেখেছিলাম। কিন্তু আমার দুই কমিশনার নিষেধ করেছেন।’ বিরোধী দলকে সংলাপে আনার বিষয়ে বাংলাদেশ ন্যাপের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন যে একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, অনেকেই তা ভুলে যান। আমরা শুধু সংলাপ নিয়ে বসে থাকতে পারি না। আমাদের একটি অফিশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আছে। অফিসে কোনো সিস্টেম না থাকলে তা বাড়ির কাচারি ঘরের মতো হয়ে যায়। কমিশন দেড় মাস ধরে সংলাপ চালিয়ে যাচ্ছে। সব দলের মতামত একত্র করে প্রস্তাবগুলো সরকারের কাছে পাঠাতে হবে। এসব ঝামেলার মধ্যে সংলাপে কেউ না এলে আমরা তো আবহমানকাল ধরে কারও জন্য অপেক্ষা করতে পারব না।’ বিএনপির চিঠির বিষয়ে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। একে কেউ যেনতেনভাবে তুচ্ছ জ্ঞান করবেন, আর আমরা বারবার তোষামোদ করব, এটা হতে পারে না। বিএনপি বারবার চিঠি দিয়ে বলছে, বিতর্কিত কমিশনের সঙ্গে আলোচনায় বসবে না। অথচ এই কমিশনের অধীনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে অংশ নিয়ে তারা জিতেও এসেছে।’ প্রসঙ্গত, সংলাপে অংশ নেওয়ার জন্য ইসি বিএনপিকে আমন্ত্রণ জানিয়ে তিন দফা চিঠি দিয়েছিল। প্রতিবারই বিএনপি তা প্রত্যাখ্যান করে। গতকালের সংলাপে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে মত দেন। সিইসির সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। জেবেল রহমানের নেতৃত্বে বাংলাদেশ ন্যাপের নয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। ৭ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে সংলাপ: আগামী ৭ আগস্ট আওয়ামী লীগের সঙ্গে ইসির সংলাপের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। গতকাল দলটির উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস ও এ বি এম রিয়াজুল কবির কাওসার কমিশনে গেলে তাঁদের চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়।