বিএনপির জন্য এখনো আলোচনার দরজা খোলা : আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটিতে আলোচনার জন্য আমন্ত্রণ করা সত্ত্বেও বিএনপি আসেনি। তাদের জন্য আলোচনার দরজা এখনো খোলা আছে।বিএনপির না আসা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আজ শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন। আইনমন্ত্রী নগরের প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ৩১৫এ১-এর ১৬তম বার্ষিক জেলা কনভেনশন-২০১১-র উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সংবিধানের মর্যাদা সমুন্নত রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।আইনমন্ত্রী বলেছেন, দেশে সংবিধানশূন্যতা বিরাজ করছে বলে যাঁরা বলছেন, তাঁদের বক্তব্য সঠিক নয়। তিনি বলেন, পঞ্চম সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করে দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের আলোকে মুদ্রিত সংবিধানই দেশের বর্তমান সংবিধান।মন্ত্রী বলেন, সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সদস্যরা সংবিধানের যুগোপযোগী সংশোধনের কাজ করছেন। তাঁরা রাজনৈতিক দল, আইনজীবী, গণমাধ্যমের ব্যক্তিত্বসহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আলোচনা করে মতামত সংগ্রহ করেছেন। এসব মতামত পর্যালোচনা করে সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় সুপারিশ তৈরি করে তাঁরা সেগুলো সংসদে পেশ করবেন।অধিবেশনে অন্যান্যের মধ্যে ভুটান সংসদের স্পিকার লিওনপো জিগমে সালটিম, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১-এর জেলা গভর্নর এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন খন্দকার আবু আশফাক, পাস্ট কাউন্সিল চেয়ারপারসন কাজী আকরামউদ্দিন আহমেদ ও কনভেনশন কমিটির চেয়ারপারসন নিখিলচন্দ্র গুহ বক্তব্য দেন। বাসস।