বিএনপির জন্য নির্বাচন পেছাতে অনুরোধ ছিল পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের ডিসেম্বরের সাধারণ নির্বাচনের প্রথমে নির্ধারিত তারিখের (১৮ ডিসেম্বর) কিছুদিন আগে নির্বাচন মাস খানেক পেছানোর দাবি জানিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে তিনি যে দিন আনুষ্ঠানিকভাবে এ দাবি জানান, ঠিক সেদিনই ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মার্কিন রাষ্ট্রদূতকে বলেছিলেন, বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করার জন্য নির্বাচন অন্তত এক মাস পেছানো দরকার।সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের ফাঁস করা মার্কিন কূটনৈতিক তারবার্তায় এ কথা বলা হয়েছে। ২০০৮ সালের ১৮ নভেম্বর ঢাকা থেকে ওয়াশিংটনে বার্তাটি পাঠান রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।তারবার্তায় বলা হয়, ঢাকায় পাকিস্তানি হাইকমিশনার আলমগীর বাশার খান বাবরের সঙ্গে ১৮ নভেম্বর বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। এ সময় নির্বাচন অন্তত এক মাস পেছানোর জন্য বারবার আহ্বান জানান হাইকমিশনার বাবর।তারবার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, নির্বাচন পেছানোর এই আহ্বান দৃশ্যত খালেদা জিয়ার, কারণ পাকিস্তানি হাইকমিশনার সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেছেন।তারবার্তার ভাষ্য অনুযায়ী, পাকিস্তানি হাইকমিশনার বাবর মার্কিন রাষ্ট্রদূতকে বলেন, দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের আমলে শেখ হাসিনার চেয়ে খালেদা জিয়ার মধ্যে বেশি পরিবর্তন এসেছে বলে তিনি মনে করেন। এ ছাড়া খালেদা জিয়া তাঁকে (বাবর) বলেছেন, তিনি কাকে বিশ্বাস করতে পারেন বুঝে উঠতে পারছেন না। খালেদা তাঁর ২০০১ থেকে ২০০৬ সালের সরকারের ভুল করার কথাও স্বীকার করেছেন।এদিকে ২০০৮ সালের ১৮ জুন ওয়াশিংটনে পাঠানো রাষ্ট্রদূত মরিয়ার্টির আর একটি তারবার্তায় বলা হয়, আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সপ্তাহকাল আগে মুক্তি পেলেও খালেদা জিয়ার মুক্তির বিষয়টি এখনো ঘোলাটে বলে মনে হচ্ছে। খালেদা জিয়া তাঁর কারাবন্দী দুই ছেলেকে বিনা শর্তে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো এবং নিজে দেশে থেকে যাওয়ার দাবি তোলায় বিষয়টি জটিল হয়ে উঠেছে।ওই তারবার্তায় আরও বলা হয়, তবে বিএনপির যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান দূতাবাসের এক কর্মকর্তাকে বলেছেন যে তিনি আশা করছেন খালেদা জিয়ার সঙ্গে সরকার একটি সমঝোতায় পৌঁছাবে। কেননা খালেদা এখনো সেনাবাহিনীর মধ্যে জনপ্রিয়।তবে নজরুল ইসলাম জানান, খালেদা জিয়া তাঁর মনোভাব গোপন রাখছেন এবং সরকারের সঙ্গে আলোচনার বিষয়টি নিজেই দেখছেন। কাজেই এই মুহূর্তে তিনি কী ভাবছেন, তা বুঝে ওঠা কঠিন।তারবার্তায় আরও বলা হয়, খালেদা জিয়ার অন্যতম আইনজীবী মোহাম্মদ নওশাদ জমির দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তাকে জানিয়েছেন আদালতে বিএনপি-প্রধানের সঙ্গে তাঁর কথাবার্তার সময় তিনি (খালেদা) সেনাপ্রধান মইন উ আহমেদের প্রতি তাঁর অবিশ্বাসের কথা প্রকাশ করেন।নওশাদ জমির বলেন, সেনাপ্রধান মইনের পদত্যাগ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের একটি পূর্বশর্ত হতে পারে।তারবার্তার ভাষ্যের ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, ‘এই কথাগুলো বাস্তবসম্মত নয়, এটা কাল্পনিক। কেননা ওই সময় বিএনপির চেয়ারপারসন কারাগারে ছিলেন। আমি আইনজীবীও নই যে উনি আদালতে হাজিরা দেওয়ার সময় তাঁর সঙ্গে কথা বলব।’নজরুল ইসলাম খান বলেন, ‘যেখানে আমার কথা বলার সুযোগ নেই সেখানে আমি কীভাবে তাঁর মনোভাব জানব। খালেদা জিয়ার সঙ্গে কথা বলার সুযোগ না থাকায় আমি এই কথা বললেও তা বিশ্বাস করার কোনো কারণ মার্কিন রাষ্ট্রদূতের থাকার কথা নয়। এটা হতে পারে, আমার নাম ভুলক্রমে বলা হয়েছে, অথবা অন্য কোনো নাম বলতে গিয়ে আমার নাম এসেছে। আমি নিশ্চিত করে বলতে চাই, এ ধরনের কোনো কথা আমি বলিনি।’ আইনজীবী মোহাম্মদ নওশাদ জমিরের বক্তব্য জানতে তাঁর সঙ্গে বেশ কয়েকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি।