বিএনপি আজ সোমবার বিভিন্ন দাবিতে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। হরতাল সফল করতে দলটি বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে। গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, হরতালে বাধা দেওয়া হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।বিরোধী দলের নেতা-কর্মীরা যাতে রাস্তায় কোনো মিছিল বা মিটিং করতে না পারেন, সে জন্য কঠোর ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছে সরকার। সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে এ নির্দেশ দেওয়া হয়।এদিকে গতকাল বিকেল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে আটটি বাসে আগুন দেওয়া হয়েছে। এতে একজন আহত হন। পুলিশ পাঁচজনকে আটক করেছে।মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুল হক জানান, বিকেল সোয়া পাঁচটার দিকে মিরপুর ১০ নম্বর সড়কে ফায়ার সার্ভিসের গেটের সামনে সেফটি সিটিং সার্ভিস পরিবহনের একটি বাসে কে বা কারা আগুন দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে মিরপুর থানা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও সদস্য আরিফ হাসানকে আটক করে।ফায়ার সার্ভিস ও শাহবাগ থানার পুলিশ সূত্র জানায়, সন্ধ্যা সাতটার দিকে সড়ক ভবনের সামনে বিহঙ্গ পরিবহনে আগুন দেওয়া হয়। গুলিস্তান থেকে প্রায় ৩০ জন যুবক ওই বাসটিতে উঠেছিল। বাসটি সড়ক ভবনের সামনে পৌঁছালে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে এক যাত্রী আহত হন। পুলিশ দুজনকে আটক করেছে।ধানমন্ডি থানার উপপরিদর্শক ইকবাল জানান, সন্ধ্যা ছয়টার দিকে শংকর বাসস্ট্যান্ড-সংলগ্ন সড়কে মিডওয়ে পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, সন্ধ্যা সাতটার দিকে কে বা কারা ফার্মগেট পুলিশ বক্সের সামনে হানিফ পরিবহনের একটি মিনিবাসে আগুন দেয়। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর নামের একজনকে আটক করে। তিনি হানিফ পরিবহনের লাইনম্যান বলে জানা গেছে।শাহ আলী থানার ওসি আবদুল লতিফ জানান, সন্ধ্যা সোয়া সাতটার দিকে অজ্ঞাত কয়েকজন লোক মিরপুর চিড়িয়াখানা সড়কে তানজিন পরিবহনের একটি বাসে আগুন দেয়।কাফরুল থানার ওসি আনিসুর রহমান জানান, রাত সাড়ে সাতটার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার শাহ আলী প্লাজার সামনে কিছু উচ্ছৃঙ্খল যুবক শিকড় পরিবহনের একটি বাসে আগুন দেয়।রাত সাড়ে নয়টার দিকে ঢাকা কলেজের সামনে ফাল্গুনী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। প্রায় একই সময় মোহাম্মদপুর শিয়া মসজিদ ক্যাম্পের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগে পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে।সংবাদ সম্মেলন: নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার বলেন, ‘সরকারকে বলব, এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিয়ে আড়িয়ল বিলের মতো কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না। আমাদের বাধ্য করবেন না কঠিন কোনো কর্মসূচি দিতে।’ তিনি অভিযোগ করেন, হরতাল সামনে রেখে সরকারের পুলিশ বাহিনী ও সন্ত্রাসী ক্যাডাররা বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি চালাচ্ছে।আড়িয়ল বিলে বিমানবন্দর নিয়ে সহিংস ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, পুঁজিবাজারে অস্থিরতার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, নির্বাচন কমিশনের পদত্যাগসহ কয়েকটি দাবিতে বিএনপি এই হরতাল ডেকেছে। তবে পুলিশ দাবি করেছে, ওই ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।সংবাদ সম্মেলনে হরতাল পালনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা। জবাবে হরতালের পক্ষে যুক্তি দেখিয়ে বিএনপির মহাসচিব বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সর্বস্বান্ত হয়ে গেছে। কিন্তু এসব সমস্যার দিকে সরকারের কোনো নজর নেই। তিনি বলেন, বিএনপি জনস্বার্থে এই হরতাল পালন করছে।সংবাদ সম্মেলনে খোন্দকার দেলোয়ার দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে জামিনে মুক্তি দেওয়ার দাবি জানান। তিনি বলেন, সাকা চৌধুরীর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে যে মামলা আছে, তা জামিনযোগ্য।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, মির্জা আব্বাস, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।হরতালে রাজপথে থাকার নির্দেশ: দলীয় সূত্র জানায়, হরতালে রাজপথে থাকতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের কঠোর নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। গতকালও বিএনপির নেতারা নয়াপল্টন সড়কে পথচারীদের মধ্যে প্রচারপত্র বিলি করেন।বিএনপির কার্যালয় থেকে জানা গেছে, রাজধানীর ১৩টি স্থানে দলীয় নেতা-কর্মীদের অবস্থান নিতে বলা হয়েছে।