বিএনপির ডাকে সকাল-সন্ধ্যা হরতাল আজ
বিরোধী দল বিএনপি সারা দেশে তাদের ডাকা আজ মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে হরতাল সফল করতে দেশব্যাপী ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়েছে দলটি। যদিও ব্যবসায়ী সংগঠনগুলো হরতালের বিকল্প কর্মসূচি দেওয়ার জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়ে আসছিল। দ্রব্যমূল্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রতিরোধে সরকারের ব্যর্থতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, গ্যাস-বিদ্যুৎ-পানির সমস্যা, তারেক ও কোকোসহ বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন ও হয়রানি বন্ধের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে বলে বিএনপি দাবি করেছে। তবে এর আগে ১৩ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে সরিয়ে দেওয়ার পরদিনই হরতাল ডেকেছিল দলটি। এরপর দলের স্থায়ী কমিটি বৈঠক করে আজ ৩০ নভেম্বর হরতালের দিন নির্ধারণ করে। তার আগেই খালেদা জিয়ার বাড়ি নিয়ে করা লিভ টু আপিল (আপিল করার অনুমতি চেয়ে আবেদন) আবেদনের শুনানির জন্য ২৯ নভেম্বর দিন ধার্য করেছিলেন সুপ্রিম কোর্ট। গতকাল খালেদা জিয়ার লিভ টু আপিল খারিজ করে দেন আদালত। আজকের হরতালের সমর্থনে রাজধানীতে প্রচারপত্র বিলি ও জনসংযোগ করেছে বিএনপি। তবে গতকাল বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হরতালের সমর্থনে বের করা মিছিল থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। মিছিলটি ছত্রভঙ্গও করে দেয় পুলিশ। গতকাল নয়াপল্টন, দৈনিক বাংলার মোড় ও ফকিরাপুল এলাকায় হরতালের পক্ষে প্রচারপত্র বিলি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, বিএনপি শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি পালন করবে। হরতালের নামে নৈরাজ্য সৃষ্টির ক্ষমতাসীনদের অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, যারা বলছে বিএনপির চেয়ারপারসনকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের প্রতিবাদে হরতাল, তাদের বক্তব্য সঠিক নয়। বিএনপি জনস্বার্থে হরতাল দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলছে, গণতান্ত্রিক অধিকার হরতাল পালনে তারা কোনো বাধা দেবে না। এটা সরকারের চরম মিথ্যাচার। কারণ তারা দেশজুড়ে সাঁড়াশি অভিযানের মাধ্যমে বিরোধী দলের দেড় হাজার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে জেলে ভরেছে। হরতাল সফল করতে আজ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করবেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় নেতাদের মাঠে থাকতে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন।পুলিশের প্রস্তুতি হরতালের সময় রাজধানীতে নয় হাজারের বেশি পুলিশ ও সাড়ে পাঁচ হাজার র্যাব সদস্য মোতায়েন করা হচ্ছে। এ ছাড়া সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের সদস্যরাও দায়িত্ব পালন করবেন। হরতাল সামনে রেখে গত রোববার রাজারবাগ পুলিশ লাইন মিলনায়তনে পুলিশ কর্মকর্তাদের ব্রিফিং করেন মহানগর পুলিশ কমিশনার বেনজীর আহমেদ। তিনি বিরোধী দলের হরতাল মোকাবিলায় করণীয় বিষয়ে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। সূত্র জানায়, পুলিশ কমিশনারের নির্দেশনার পর রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়। এ অভিযান গতকাল রাতেও অব্যাহত ছিল। পুলিশ জানায়, হরতালের সময় দায়িত্ব পালনের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ ও দুটি উপনিয়ন্ত্রণকক্ষ খোলা হয়। এসব কক্ষে সাঁজোয়া যান ও দাঙ্গা দমনের গাড়িসহ ভারী সরঞ্জাম রাখা হবে। এ ছাড়া গাড়ির মধ্যে গরম পানিও থাকবে। ঢাকা মহানগর পুলিশের সব উপকমিশনার হরতালের সময় রাস্তায় থাকবেন বলে জানা গেছে। হরতালের আওতামুক্তসংবাদমাধ্যম, অ্যাম্বুলেন্স, জরুরি চিকিৎসাসেবা, লাশবাহী যানবাহন, ফায়ার সার্ভিস, গ্যাস-বিদ্যুৎ ও পানিসংক্রান্ত জরুরি সেবা হরতালের আওতামুক্ত থাকবে। বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে, দলের নেতা-কর্মীদের ঘোষিত জরুরি সেবাকাজে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালনে ও তাদের যানবাহন চলাচলে সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।