বিএনপির তিন দিনের শোক, কর্মসূচি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে ঘোষিত তিন দিনের শোক পালন শুরু করেছে প্রধান বিরোধী দল বিএনপি। রাষ্ট্রঘোষিত তিন দিনের শোকের সময় কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির দপ্তর থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতির মৃত্যুর কারণে কাল শনিবার পর্যন্ত দলীয় সব কর্মসূচি স্থগিত করা হয়েছে। এ তিন দিন দলের কোনো পর্যায়ে কোনো ধরনের কর্মসূচি পালিত হবে না।বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপতির মৃত্যুতে রাষ্ট্র শোক ঘোষণা করেছে। বিএনপি তা যথাযোগ্য মর্যাদায় পালন করবে। জাতীয় ও দলীয় পতাকা তাঁর সম্মানে অর্ধনমিত রাখা হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের শীর্ষস্থানীয় নেতারা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এর আগে রাষ্ট্রপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার ঢাকা জেলা বিএনপির হরতাল স্থগিত করা হয়। এ ছাড়া খালেদা জিয়ার বগুড়া ও জয়পুরহাট সফর এক দিন পেছানো হয়েছে। শুক্রবারের স্থলে শনিবার বগুড়ার উদ্দেশে তাঁর রওনা হওয়ার কথা রয়েছে।