বিএনপির তিন নেতাকে বিদেশে যেতে বাধা না দেওয়ার নির্দেশ
বিএনপির তিন নেতাকে বিদেশে যেতে ও ফিরে আসতে বাধা না দিতে সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁদের বিনা বাধায় বিদেশে যেতে এবং ফিরে আসতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আজ বুধবার বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ তিন নেতা হলেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, মানবাধিকার-বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ ও শিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া। স্বরাষ্ট্রসচিব, পরিচালক (ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট), পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও অভিবাসনের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (এসবি) এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁদের বিদেশ যেতে বাধা না দিতে বলা হয়েছে। সম্প্রতি বিদেশ যেতে বাধা দেওয়া হতে পারে এমন আশঙ্কায় ওই তিনজনের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার মাহবুব হোসেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দেলোয়ার হোসেন ও নাসিরউদ্দিন অসিমের বিনা বাধায় চিকিত্সার জন্য নিউইয়র্ক ও ব্যাংকক যাওয়ার কথা রযেছে। সানাউল্লাহ মিয়ার লন্ডনে যাওয়ার কথা রযেছে।