বিএনপির তোড়জোড় সমাবেশ ঘিরেই
বৃহস্পতিবারের হরতালের পর জ্বালানি তেল ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আপাতত বড় কোনো কর্মসূচিতে যাচ্ছে না বিএনপি। এখন দলটির সব তোড়জোড় ২৭ সেপ্টেম্বরের সমাবেশকে ঘিরে।বিএনপি সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে তা ৎক্ষণিক হরতাল দিলেও দলটি মূলত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে চলতি বছরের কর্মপন্থা নির্ধারণ নিয়েই ব্যস্ত। এই দাবিতেই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ২৭ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশের কর্মসূচি দিয়েছে। বর্তমান সরকার আসার পর এই প্রথম চারদলীয় জোটের নেতারা এক মঞ্চে উঠছেন। এ সমাবেশ থেকেই নতুন কর্মসূচি ঘোষণা দেবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।দলীয় সূত্র জানায়, চলতি বছর ঢাকা থেকে প্রতিটি বিভাগের উদ্দেশে রোডমার্চ-লংমার্চ কর্মসূচি পালন, বড় জেলা শহরগুলোতে বিএনপি ও জোটের সমাবেশ, বিভাগগুলোতে মহাসমাবেশের মতো কর্মসূচি দেওয়া হতে পারে। সূত্রগুলো জানায়, বিএনপি একক কর্মসূচির চেয়ে জোটগতভাবে কর্মসূচির প্রতি বেশি আগ্রহী হয়ে উঠেছে। জোটবদ্ধ আন্দোলনের জন্য এর আগে জামায়াত বেশি আগ্রহী ছিল। কিন্তু সাড়া দেয়নি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলা, তাঁর বড় ছেলে তারেক রহমানকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামি করা ও ওই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর এবং ছোট ছেলে আরাফাত রহমানকে মানি লন্ডারিং মামলায় সাজা দেওয়ার পরিপ্রেক্ষিতে এখন জোটবদ্ধ আন্দোলনে জামায়াতের চেয়ে বিএনপি বেশি আগ্রহী হয়ে উঠেছে।বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, একটি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার মাধ্যমে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন থেকে চারদলীয় জোট ও সমমনারা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি প্রথম আলোকে বলেছেন, বিএনপি, জামায়াতসহ অন্য দলগুলো সমাবেশ অনুষ্ঠানের বিষয়টি পৃথকভাবে ঘোষণা দিলেও ২৭ সেপ্টেম্বর সমাবেশ হবে চারদলীয় জোটের। তবে এর নেতৃত্বে থাকছে বিএনপি। পল্টন ময়দানে অনুমতি না পাওয়ায় সমাবেশটি হবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।বিএনপির সমমনা আটটি রাজনৈতিক দল এই সমাবেশে অংশ নিচ্ছে। এ ছাড়া বিকল্পধারা, এলডিপি ও কল্যাণ পার্টির নেতারা থাকবেন বলে জানা গেছে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দাবি আদায়ে সরকারকে বাধ্য করতে জোটের প্রধান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সমাবেশে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন।বিএনপির এক নেতা জানান, খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করবেন। তাঁর বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণের ক্ষেত্রে সরকারের করণীয় বিষয়ে কিছু দিকনির্দেশনা থাকবে। সরকারের আড়াই বছরের শাসনামলের ব্যর্থতার চিত্রও তিনি তুলে ধরবেন।