বিএনপির দাবি মামার বাড়ির আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপির উদ্দেশে বলেছেন, তাদের নির্দলীয় সরকারের দাবি মামার বাড়ির আবদারের মতো। আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার অবৈধ প্রমাণিত হয়েছে।আজ রোববার শিশু একাডেমীতে ঢাকা জেলা ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ এসব কথা বলেন। হানিফ বলেন, অনির্বাচিত কোনো ব্যক্তির হাতে আওয়ামী লীগ ক্ষমতা তুলে দেবে না। বিএনপির দাবির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তাদের আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। তাই তারা আন্দোলনের কর্মসূচি দিতে গিয়ে বারবার পিছিয়ে আসছে। এত দিনে তারা বুঝতে পেরেছে, তাদের দাবির প্রতি জনগণের আস্থা নেই।’বিএনপির নেতাদের উদ্দেশে হানিফ বলেন, ‘আপনাদের আন্দোলন করতে কে নিষেধ করেছে। আপনারা তো আন্দোলন করেই যাচ্ছেন। আপনারা বরং জনগণের কাছে গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করুন।’ একুশে আগস্টের গ্রেনেড হামলার বিচারের প্রত্যয় ব্যক্ত করে হানিফ বলেন, ‘একুশে আগস্ট যে হামলা চালানো হয়েছিল, সেই হামলায় দায় থেকে আপনারা রক্ষা পাবেন না। যতই চেষ্টা করুন না কেন, রক্ষা পাবেন না।’ বিএনপির নেতাদের উদ্দেশ করে তিনি বলেন, জড়িতদের সুষ্ঠু বিচার বাংলার মাটিতেই হবে।আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করছে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমরা বারবার বলেছি, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাসী। কোনো ষড়যন্ত্র করে আমরা ক্ষমতায় যাওয়ায় বিশ্বাসী নই। আমরা চাই, সকল দলের অংশগ্রহণের ভিত্তিতেই সুষ্ঠু নির্বাচন। বরং ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার অভ্যাস বিএনপির।’ গাজীপুর-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী সিমিন হোসেন রিমির প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুরের মানুষ এখনো তাজউদ্দীন সাহেবের পরিবারের প্রতি আস্থাশীল। জনগণ তাঁর পরিবারের সদস্যদের চায়। সিমিন হোসেন রিমি জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ পরিবারের। জন্ম থেকেই তিনি আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। ঢাকা জেলা ছাত্রলীগের সভাপতি এম এ এইচ আবিদের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, এ কে এম এনামুল হক শামীম, বেনজির আহমেদ, ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।