বিএনপির দুই দফা ওয়াকআউট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে জাতীয় সংসদে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা আজ বৃহস্পতিবার শেষ হবে। এরপর ভাষণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ দিয়ে চিফ হুইপ আবদুস শহীদের আনা প্রস্তাবটি গ্রহণ করা হবে। গত ৪ জানুয়ারি চলতি অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ভাষণ দিয়েছিলেন। গতকাল বুধবার ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা চলাকালে বিরোধী দলের সদস্যরা দুই দফা ওয়াকআউট করেন। সরকারি দলের তোফায়েল আহমেদ ও শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদে তাঁরা ওয়াকআউট করেন। এর পরও সংসদ ছিল মোটামুটি প্রাণবন্ত। আলোচনায় বিএনপির মওদুদ আহমদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার দাবি করেন। তোফায়েল আহমেদ বলেন, মইন উ আহমেদ অন্যায় করেছেন। আলোচনায় অংশ নিয়ে মওদুদ বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার দাবি করে বলেন, দুর্নীতি দমনের নামে ফখরুদ্দীন-মইনের সরকারের গুটিকয়েক সেনা কর্মকর্তা দুর্নীতিতে ডুবে গিয়েছিলেন। তাঁরা সংবিধান লঙ্ঘন করেছেন। রাজনীতিবিদদের নির্যাতন করেছেন। মিথ্যা মামলা দিয়ে চরিত্র হনন করেছেন, প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীকে ধ্বংস করেছেন আর দুর্নীতিতে দেশকে ছেয়ে ফেলেছিলেন। তিনি মইন উ আহমেদসহ বিগত তত্ত্বাবধায়ক সরকারের কর্মকাণ্ডের শ্বেতপত্র প্রকাশের দাবি করে বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই সংসদের প্রথম অধিবেশনে এ শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছিলেন। তাহলে এখন তা করতে বাধা কোথায়।মওদুদ আরও বলেন, ‘সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান নিয়ে আলোচনা হচ্ছে। আমি বঙ্গবন্ধুর সঙ্গে জিয়ার তুলনা করব না। কিন্তু সরকারি দল শহীদ জিয়ার সমালোচনা করে বঙ্গবন্ধুকে খাটো করছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারকে অসাংবিধানিক, ক্যাঙ্গারু সরকার আখ্যায়িত করে তিনি বলেন, ‘তারা রাজনীতি আর রাজনীতিবিদদের ধ্বংস করার চেষ্টা করেছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দিয়েছিল। একজন প্রধানমন্ত্রী কি চাঁদাবাজি করতে পারেন?’ মওদুদ আহমদ বলেন, ‘ফখরুদ্দীন-মইন সরকার ৫০০ বছর আগের মতো নির্যাতন করেছে মানুষের ওপর। অন্ধকার ঘরে আমাদের রাখা হয়েছিল। তেলাপোকা, ইঁদুর, আরশোলা, টিকটিকি ছিল আমার কক্ষের বন্ধু।’ সরকারি দলের কয়েকজনের নাম উচ্চারণ করে তিনি বলেন, তাঁরাও এ নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। একজন বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ, সাবেক সেনাপ্রধান জেনারেল মইন, নবম ডিভিশনের সাবেক জিওসি মাসুদ উদ্দিন চৌধুরী, ওই সময়ে ডিজিএফআইয়ের দুই কর্মকর্তা সাবেক মেজর জেনারেল আমিন ও ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারী এবং উপদেষ্টা এম এ মতিনের বিচার করতে হবে। বর্তমান সরকার বিচার করতে ব্যর্থ হলে জনগণ একদিন নিশ্চয়ই এর বিচার করবে।আওয়ামী লীগের তোফায়েল আহমেদ বলেন, ‘এক-এগারো করে মইন উ আহমেদ অনেক অন্যায় করেছেন। আমার বিরুদ্ধে তাঁরা অনেক মামলা দিয়েছেন। এমনকি আমার চিকিত্সক-কন্যার বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে তাঁরা ভয় পাননি। কিন্তু এই অন্যায়কারী জেনারেল মইনকে তো বিএনপিই সেনাপ্রধান করেছিল জেনারেল জহিরকে ডিঙিয়ে। ফখরুদ্দীন আহমদকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কারা বানিয়েছিল। জেনারেল মাসুদ কার ভায়রা ছিলেন, সেটাও জানা দরকার।’ তিনি বলেন, ‘অবশ্যই আমরা জেনারেল মইনের কর্মকাণ্ডের নিন্দা করি। কিন্তু বিএনপি যদি মইনের ভূমিকার নিন্দা করে, তাহলে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর যিনি সেনাশাসক হয়েছিলেন তাঁর কথা তারা কীভাবে বলবে।’ এ সময় বিএনপির সদস্যরা চিত্কার করে এর প্রতিবাদ জানান। একপর্যায়ে তাঁরা সংসদ থেকে ওয়াকআউট করেন।প্রথম দফা ওয়াকআউট: এর আগে সন্ধ্যায় জিয়াউর রহমানের লাশের পরীক্ষা নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বক্তব্যের প্রতিবাদে বিএনপি সংসদ থেকে ওয়াকআউট করে। রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে শাজাহান খান আবারও জিয়াউর রহমানের লাশের প্রসঙ্গ তুলে বলেন, ‘সংসদে লাশ নিয়ে কথা বলতে চাই না। শুধু বিরোধী দলের সদস্যদের বলতে চাই, আসুন শেখ ফজলুল করিম সেলিমের দেওয়া বক্তব্য পরীক্ষা করে দেখি। কবরে জিয়ার লাশ আছে কি না সেই চ্যালেঞ্জ গ্রহণ করি। শেখ সেলিম মিথ্যা বলে থাকলে তাও প্রমাণ হবে।’ এ সময় সংসদ উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী দলের সদস্যরা হইচই করে মওদুদ আহমদের নেতৃত্বে ওয়াকআউট করেন। ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, মন্ত্রীর বক্তব্যে অসংসদীয় কিছু থাকলে পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেওয়া হবে। বিরোধী দল কিছু সময় পর আবার সংসদে ফিরে আসে।এর আগে শেখ সেলিম সংসদে জিয়ার লাশ চন্দ্রিমা উদ্যানের কবরে আছে কি না তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস, পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান, আমির হোসেন আমু, আবদুর রাজ্জাক, রফিকুল ইসলাম, বিএনপির মাহাবুবউদ্দিন খোকন, জামায়াতে ইসলামীর হামিদুর রহমান প্রমুখ।