বিএনপির দুই নেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন ও স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে করা ১২টি মামলার কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।আজ রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আবদুস সামাদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ ওই দুজনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে এ মামলাগুলো কেন বাতিল করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানাতে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন। জানা যায়, গত ২৫ জুলাই মুক্তাঙ্গনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম হোসেন ও রফিকুল ইসলাম মিয়া প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন। এ ধরনের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ওই ঘটনায় খুলনা, ভোলা, বগুড়া, পঞ্চগড়, চট্টগ্রাম, নড়াইল, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, যশোর, কুষ্টিয়া ও ঢাকায় দুটি করে মামলা করা হয়।