বিএনপির ভাইস প্রেসিডেন্ট শাহ মোয়াজ্জেম হোসেন ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার করা রিটের শুনানিতে আজ সোমবার বিব্রতবোধ করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ।বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি বিব্রতবোধ করেন। এর পর আদালত বিষয়টি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন।প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য ২৯ জুলাই পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান বিশ্বাস বিএনপির এই দুই নেতাকে নোটিশ দেন। নোটিশে তাঁদেরকে আগামীকাল মঙ্গলবার পল্টন থানায় যেতে বলা হয়।এই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করেই বিএনপির দুই নেতা হাইকোর্টে রিটটি দায়ের করেন। এর আগে ২৭ জুলাই পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডির ভিত্তিতে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পল্টন থানায় যেতে বলা হয়েছে বলে নোটিশে উল্লেখ করা হয়।রিট আবেদনকারীদের পক্ষে এম বদরুদ্দোজা ও সরকারপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা উপস্থিত ছিলেন।