বিএনপির দুই পক্ষে সংঘর্ষ, গুলিতে এক কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরে গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দলের এক কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।এদিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় গতকাল সকালে বিএনপির এক কর্মীকে আওয়ামী লীগের কর্মীরা কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পাবনায় নিহত বিএনপির কর্মীর নাম মিলন হোসেন (৩০)। বাড়ি পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায়। তিনি জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসানের সমর্থক।মুজিবনগরে নিহত বিএনপির কর্মীর নাম শরিফুল ইসলাম (২৬)। তিনি উপজেলার বাগোয়ান মাঝপাড়া গ্রামের রমজান আলীর ছেলে। পাবনা বিএনপি সূত্রে জানা যায়, ২০০৯ সালের জুন মাসে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত ২২ জানুয়ারি দলের কেন্দ্রীয় কমিটি পাবনা জেলা বিএনপির ১৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করে। এতে পদ না পাওয়ায় ক্ষুব্ধ হন অনেক নেতা-কর্মী। তাঁরা এককাট্টা হন। দলের এই বিদ্রোহী অংশের নেতৃত্ব দিচ্ছেন আগের কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান। মূল অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। কামরুল ও তাঁর লোকজন ১১ মে ‘পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটি’র ব্যানারে জেলা বিএনপির প্রধান কার্যালয় দখল করেন। এতে ক্ষুব্ধ হয় হাবিবুরের পক্ষ।অন্যদিকে সম্প্রতি পাবনা সফরে এসে কেন্দ্রীয় বিএনপির অর্থনীতিবিষয়ক সম্পাদক ইকবাল হাসান মাহমুদ বিদ্রোহী নেতাদের বাদ দিয়ে ১৮ দলীয় জোটের বৈঠক করেন। এতে ক্ষুব্ধ হন বিদ্রোহী নেতারা। এ নিয়ে গত কয়েক দিন শহরের বিভিন্ন এলাকায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করতে গতকাল দুপুর ১২টার দিকে জেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীরা পাবনা শহরে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা একটার দিকে শহরের আওরঙ্গজেব সড়কের তুলাপট্টি মোড়ে মিছিল দুটি মুখোমুখি হয়। এ সময় লাঠিসোঁটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে এক পক্ষ অপর পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ে। শোনা যায় কয়েকটি গুলির শব্দ। সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো শহরে। আতঙ্কে বন্ধ হয়ে যায় শহরের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। এ সময় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মিলন। আহত বাচ্চু (৩৫), এমিল (২৫), আজাহার (২০), মিলন (৩০) ও মিন্টুকে (২২) পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহম্মেদ প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পাওয়ার পরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মিলনের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পাবনা জেলা বিএনপি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক ও মেয়র কামরুল হাসান বলেন, ‘বিএনপির চেয়ারপারসনের একজন ব্যক্তিগত সহকারীর সমর্থনে এক পক্ষ মূল অংশের নামে জেলা বিএনপিকে কুক্ষিগত করছে। তারা দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাদের বাদ দিয়ে জেলা বিএনপি, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কমিটি গঠন করেছে। এতে জেলার সব নেতা-কর্মী ক্ষুব্ধ। তাঁদের নিয়ে আমরা জেলা বিএনপি রক্ষা কমিটি গঠন করে দলীয় সব কর্মসূচি পালন করছি।’ সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে কামরুল বলেন, ‘মূল অংশ নামধারীরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে আমার কর্মী মিলনকে হত্যা করে।’অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে গেলে বিদ্রোহীরাই আমাদের ওপর হামলা চালায়। তারা বিএনপির কেউ নয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে তাদের বহিষ্কার করা হয়েছে।’মুজিবনগরের ঘটনার প্রত্যক্ষদর্শী হাসান আলী (৪৯) বলেন, বেলা ১১টার দিকে শরিফুল বাগোয়ান বাজারে চায়ের দোকানে বসে গল্প করছিলেন। রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়লে আওয়ামী লীগের এক কর্মীকে চড় মারেন তিনি। পরে বাড়ি যাওয়ার সময় আওয়ামী লীগের কর্মীরা ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। শরিফুলের বাবা রমজান আলী (৫৮) অভিযোগ করে বলেন, শরিফুল কৃষিকাজ করতেন। গ্রামে রাজনৈতিক আলোচনার একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তখন স্থানীয় আওয়ামী লীগের কর্মী আসলামের নেতৃত্বে বাবু, মতিন, গ্যাদাসহ পাঁচ-ছয়জন ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে আঘাত করলে শরিফুল মারা যান।মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা অলক কুমার বলেন, হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা শরিফুলকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথায় ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়।নিহত শরিফুল বিএনপির কর্মী ছিলেন বলে জানিয়েছেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম। তিনি বলেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের পর থেকেই বাগোয়ান মাঝপাড়া গ্রামে রাজনৈতিক বিরোধ দেখা দেয়। এরই জের ধরে আওয়ামী লীগের কর্মীরা শরিফুলকে কুপিয়ে হত্যা করেন।মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বলেন, নিহত শরিফুলের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।