বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরে আজ সোমবার দুপুরে বিএনপির বিবদমান দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহত ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, কমিটি গঠন নিয়ে পাবনা জেলা বিএনপিতে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর এক অংশের নেতৃত্ব দিচ্ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান এবং অপর অংশে রয়েছেন জেলা বিএনপির সর্বশেষ বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র কামরুল হাসান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় বিএনপি ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনের জন্য আজ দুপুর সাড়ে ১২টার দিকে দলের দুই অংশ শহরে বিক্ষোভ মিছিল বের করে। বেলা একটার দিকে শহরের তুলাপট্টি মোড়ে দুই পক্ষের দুটি মিছিল মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় কয়েকটি গুলির শব্দও পাওয়া যায়।একপর্যায়ে সংঘর্ষ পুরো শহর ছড়িয়ে পড়ে। এক পক্ষ আরেক পক্ষের নেতা-কর্মীদের ধাওয়া ও মারপিট করতে থাকে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আতঙ্কে শহরের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আহত অবস্থায় বাচ্চু (৩৫), এমিল (২৫), আজাহার (২০), মিলন (৩০) ও মিন্টুসহ (২২) ১০ জনকে পাবনা মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে। এঁরা কামরুল হাসানের সমর্থক। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার শামীম আহম্মেদ প্রথম আলো ডটকমকে বলেন, খবরটি জেনে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে বিএনপির কোনো পক্ষ এখনো থানায় অভিযোগ করেনি। এক অংশের নেতা কামরুল হাসান বলেন, ‘জেলা বিএনপির মূল অংশের নামে কিছু ব্যক্তি বিএনপিকে কুক্ষিগত করছে। আমরা তাঁদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এই হামলা চালানো হয়েছে।’ আরেক অংশের নেতা হাবিবুর রহমান বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে কেন্দ্রীয় কর্মসূচি পালন করছিলাম। এ সময় আচমকা হামলার ঘটনা ঘটে। এতে নেতা-কর্মীরা বিচ্ছিন্ন হয়ে যায়।’