বিএনপির দুই পক্ষের সভা, হাজীগঞ্জে তিন দিন ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষ পাশাপাশি স্থানে সমাবেশ ডাকায় সেখানে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ শুক্রবার সকাল ছয়টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় এ আদেশ বহাল থাকবে। এ সময় সেখানে কোনো ধরনের সভা-সমাবেশ করা যাবে না।জানা যায়, আজ বেলা তিনটায় জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক-সমর্থিত হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা রামগঞ্জ সড়কের পাশে বিএনপির অস্থায়ী কার্যালয়ে ১২ মার্চের ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচি উপলক্ষে সভা আহ্বান করে।অপরদিকে সাবেক সাংসদ এম এ মতিন-সমর্থিত বিএনপির নেতা-কর্মীরা পূর্ববাজার এলাকায় একই কর্মসূচি একই সময়ে পালনের জন্য প্রচার চালায়। পুলিশ জানায়, ইতিপূর্বে দলীয় অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে মমিনুল হক ও এম এ মতিন পক্ষের মধ্যে হাজীগঞ্জের বিভিন্ন স্থানে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমির জাফর প্রথম আলো অনলাইনকে বলেন, আবারও যেকোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে। হাজীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) শাম্মী আক্তার বলেন, পাশাপাশি স্থানে বিএনপির দুই পক্ষ সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়।