বিএনপির দুই সাংসদের মুক্তি বিবেচনার আহ্বান স্পিকারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রধান বিরোধী দল বিএনপির দুই সাংসদ এম কে আনোয়ার ও বরকতউল্লা বুলুর মুক্তির বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে লায়নস ক্লাবের এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী এ আহ্বান জানান। স্পিকার বলেন, ‘বিরোধী দলের আটক নেতাদের মুক্তির বিষয়টি আদালতের এখতিয়ার। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। তবে স্পিকার হিসেবে আমার বিনীত আবেদন, যেহেতু অধিবেশন আসন্ন, সে কারণে তাঁদের মুক্তির বিষয়টি আদালত আইনি প্রক্রিয়ায় বিবেচনা করবেন।’শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘বিরোধী দল সংসদে এলে তাদের দাবি নিয়ে আলোচনা হতে পারে। তারা যাতে কথা বলার সুযোগ পায়, তা দেখব।’ আগামী সোমবার থেকে সংসদের ১৮তম (বাজেট অধিবেশন) অধিবেশন শুরু হচ্ছে। সদস্যপদ টিকিয়ে রাখতে হলে বিএনপিকে এ অধিবেশনে যোগ দিতে হবে। ইতিমধ্যে বিএনপির সংসদীয় দল দুই সাংসদের মুক্তির ব্যাপারে ভূমিকা রাখতে স্পিকারকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। প্রধান দুই দলের সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিরীন শারমিন বলেন, ‘সংসদের ভেতরে সব ধরনের আলোচনা হতে পারে। সেখানে আমি মুক্ত ভূমিকা রাখতে পারব। কিন্তু সংসদের বাইরে কোনো সংলাপ হলে সরকার এবং বিরোধী দলকেই উদ্যোগ নিতে হবে।’সংগঠনের চেয়ারম্যান নাজমুন নেসা আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীও উপস্থিত ছিলেন।