বিএনপির দ্বন্দ্বে কুষ্টিয়া শহরে ১৪৪ ধারা
কুষ্টিয়ায় একই স্থানে বিএনপির বিবদমান দুই পক্ষ সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।আজ বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। গতকাল বুধবার রাত নয়টার দিকে জেলা তথ্য কার্যালয়ের পক্ষ থেকে শহরে মাইকিং করে ১৪৪ ধারা জারির কথা ঘোষণা করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, আজ কুষ্টিয়া গণগ্রন্থাকার মাঠে কুষ্টিয়া জেলা বিএনপির বিবদমান দুটি পক্ষ একই স্থানে ও একই সময়ে জনসভা ডাকে। সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসক বনমালী ভৌমিক কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠ, শহর ও শহরতলি এলাকায় ১৪৪ ধারা জারি করেন।কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান প্রথম আলো ডটকমকে ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গণগ্রন্থাগারসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।