বিএনপির নিজস্ব কোনো অস্তিত্ব নেই: সুরঞ্জিত
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি কখনো জামায়াত, কখনো হেফাজতের কাঁধে ভর করে চলছে। এ কারণে খালেদা জিয়ার দল বিএনপির নিজস্ব কোনো অস্তিত্ব নেই। তিনি বলেন, ‘বিএনপি মনে করেছিল, কিছু লোককে রাজপথে বসিয়ে রাখলেই সরকারের পতন ঘটানো যাবে। কিন্তু এখন তিনি দেখলেন, তার চক্রান্ত ও ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে।’ আজ শুক্রবার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর এই সদস্য এসব কথা বলেন। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘গণতন্ত্র, আইনের শাসন, যুদ্ধাপরাধীদের বিচার, জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় শেখ হাসিনার ভূমিকা’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। খবর বাসসের।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘সবকিছুর পরও আমরা আলোচনায় রাজি। আলোচনার বল এখন তাদের কোর্টে। তাদের বলতে হবে, তারা সব চক্রান্ত, ষড়যন্ত্র ও নৈরাজ্যের পথ পরিহার করে আলোচনায় রাজি। তবেই সংলাপ হবে এবং তা সাংবিধানিক কাঠামোর মধ্যেই হবে।’ খালেদা জিয়াকে উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘চক্রান্ত ও ষড়যন্ত্র করে আর ক্ষমতায় যাওয়া যাবে না। তাই ষড়যন্ত্রের পথ পরিহার করুন, গণতন্ত্রের পথে ফিরে আসুন।’ তিনি বলেন, ‘যদি শেখ হাসিনা দেশের মাটিতে ফিরে না আসতেন, বাংলাদেশ আজ তালেবানি রাষ্ট্র ও পাকিস্তানের অঙ্গরাজ্য থাকত।’সংগঠনের সহসভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও এফডিসির মহাপরিচালক অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায়, সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগের নেতা বলরাম পোদ্দার, সহকারী অ্যাটর্নি জেনারেল ইয়াদিয়া জামান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ঢাকা বিভাগীয় শাখার যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান আলমগীর, নাট্যপরিচালক আনোয়ার হোসেন মজনুসহ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা।