বিএনপির নির্বাহী কমিটির আকার বড়, ক্ষমতা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির বর্তমান জাতীয় নির্বাহী কমিটির ক্ষমতা আগের চেয়ে কমানো হয়েছে। তবে এই কমিটির আকার আগের যেকোনো কমিটির চেয়ে বড়। সবচেয়ে বড় আকারের অথচ কম ক্ষমতার এই নির্বাহী কমিটির প্রথম সভা আজ শনিবার।গত বছরের ৮ ডিসেম্বর অনুষ্ঠিত বিএনপির পঞ্চম কাউন্সিলে অনুমোদিত সংশোধনী দলটির গঠনতন্ত্রে অন্তর্ভুক্ত হওয়ার পর বিষয়টি স্পষ্ট হয়েছে। নির্বাহী কমিটির ক্ষমতা কমিয়ে সদস্যসংখ্যা বাড়ানোর জন্য দলটিকে গঠনতন্ত্রের দুটি ধারায় সংশোধনী আনতে হয়েছে।১৯৯৩ সালে বিএনপির চতুর্থ কাউন্সিলের পর অনুমোদিত গঠনতন্ত্রের ৬(১১)(খ) ধারায় নির্বাহী কমিটিকে দলের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছিল। ওই ধারায় জাতীয় নির্বাহী কমিটির কর্তব্য ও দায়িত্ব চিহ্নিত করতে গিয়ে বলা হয়েছিল, প্রয়োজনবোধে নির্বাহী কমিটি দলের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে। এই ধারা ২০০৯ সালের ১৫ অক্টোবর পর্যন্ত সংশোধিত বিএনপির গঠনতন্ত্রে বলবৎ ছিল। কিন্তু পঞ্চম কাউন্সিলের পর ২০০৯ সালের ৮ ডিসেম্বর পর্যন্ত গঠনতন্ত্রের সর্বশেষ সংশোধনীতে এই ক্ষমতা কমানো হয়েছে। সংশোধনের মাধ্যমে সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রহিত করে বলা হয়েছে, নির্বাহী কমিটি প্রয়োজনবোধে কমিটির কর্মকর্তা ও সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করতে পারবে।সংশোধনীর মাধ্যমে কমিটির ক্ষমতা কমানো হলেও এতে সদস্যসংখ্যা বাড়ানো হয়েছে। আগের গঠনতন্ত্রের ৬(১১) ধারা অনুযায়ী এত দিন নির্বাহী কমিটির সদস্যসংখ্যা ছিল ২৫১। এর বাইরে চেয়ারপারসন তাঁর ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে ২৫ জন অতিরিক্ত সদস্য কমিটিতে নিতে পারতেন। কিন্তু বর্তমান গঠনতন্ত্রে কমিটির সদস্যসংখ্যা ১০০ বাড়িয়ে ৩৫১ জন করা হয়েছে। আর চেয়ারপারসন অতিরিক্ত আরও ৩৫ জনকে কমিটিতে নিয়োগ দেওয়ার ক্ষমতা পেয়েছেন। সর্বশেষ কাউন্সিল উপলক্ষে বিএনপির গঠনতন্ত্র সংশোধন-সংক্রান্ত কমিটির আহ্বায়ক তরিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা শুধু চেয়ারপারসনের। এ ক্ষেত্রে তিনি স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করবেন। কমিটির যেকোনো স্তরের কর্মকর্তা বা দলের সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নির্বাহী কমিটির ভূমিকা থাকছে না। জটিলতা এড়াতে এ ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান তিনি।নির্বাহী কমিটির সভা: বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী প্রতি ছয় মাসে নির্বাহী কমিটির একটি বৈঠক অনুষ্ঠানের কথা আছে। এ বছরের জানুয়ারি মাসে কমিটি গঠনের পর আজ নির্বাহী কমিটির সভা হতে যাচ্ছে। ৩৮৪ সদস্যের এই কমিটির সব সদস্য, স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্যরা এবং প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি সভায় অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছেন। সভায় জেলা পর্যায়ের নেতাদের বক্তব্য দেওয়ার সুযোগ থাকবে। আজ সকাল ১০টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই সভা শুরু হবে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এতে সভাপতিত্ব করবেন।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাহী কমিটির এই সভা দলের সাংগঠনিক অবস্থাকে আরও মজবুত করবে। এখান থেকে উঠে আসা নানা সুপারিশ পরবর্তী করণীয় নির্ধারণের ক্ষেত্রে সহায়ক হবে। তিনি বলেন, আলোচনার জন্য বিষয় নির্ধারণ নেই। সাংগঠনিক অবস্থা, কর্মসূচিসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপি সূত্র জানায়, সভায় সাংগঠনিক দুরবস্থা ও কোন্দল কাটিয়ে ওঠার উপায় এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলন কর্মসূচির বিষয়ে আলোচনা হতে পারে।বাগেরহাট জেলার সভাপতি এম এ সালাম এ সভা সম্পর্কে প্রথম আলোকে বলেন, ‘আমি নিয়মতান্ত্রিক কর্মসূচি নেওয়ার জন্য বলব। ধ্বংসাত্মক কর্মসূচি বা সরকারবিরোধী কর্মসূচি পালনের পক্ষে আমি নই। তা ছাড়া আমার জেলার সাংগঠনিক অবস্থা ও সরকারের আচরণের নানা দিক তুলে ধরব।’